আটা কলে পুরানো মিটারের বদলে স্মার্ট মিটার বসাতে গিয়ে বড়সড় দুর্ঘটনা। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে বাঁকুড়ার কোতুলপুরে। ঘটনায় আহত হয়েছেন একজন।
স্থানীয় এবং পরিবার সূত্রে খবর, বাঁকুড়ার কোতুলপুরের লাগদারপট্টি এলাকায় একটি আটা কলে বুধবার সন্ধ্যায় পুরানো মিটার বদলে নতুন মিটার বসানোর কাজ করছিলেন বরাতপ্রাপ্ত সংস্থার অনুপ কুণ্ডু নামের এক কর্মী। অনুপ বিদ্যুত্ বিচ্ছিন্ন না করে স্মার্ট মিটার বসাতে যাওয়ায় আচমকাই আগুন ছিটকে এসে লাগে। কিছু বুঝে ওঠার আগেই ঝলসে যায় ওই ঠিকা সংস্থার কর্মীর মুখ ও হাত। গুরুতর আহত অবস্থায় অনুপ ঘটনাস্থলেই পড়ে যান। এরপর, স্থানীয় বাসিন্দা ও সহকর্মীরা তাঁকে উদ্ধার করে তাঁকে স্থানীয় গোগড়া গ্রামীণ হাসপাতালে নিয়ে যান। আপাতত সেখানেই চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন অনুপ।
বিদ্যুত্ দফতরের স্থানীয় কোতুলপুর স্টেশন কর্তা এবং আহত কর্মীর পরিবারের লোকজনও ঘটনার খবর পেয়ে হাসপাতালে চিকিত্সাধীন অনুপকে দেখতে যান। এরপর কান্নায় ভেঙে পড়া পরিবারের সদস্যরা বলেন, “একমাত্র রোজগেরে অনুপই। সেক্ষেত্রে চিকিত্সার খরচও অনেক হবে। প্রশাসনের কাছ থেকে সাহায্য প্রত্যাশা করেছেন তিনি।”







