গতকাল সোমবার চিন্নাস্বামীতে আরসিবি বনাম এলএসজি ম্যাচে লখনউ টসে জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নেয়। প্রথমে ব্যাট করতে নেমে ২০ ওভারের ম্যাচে ২ উইকেট হারিয়ে ২১২ রান করে ব্যাঙ্গালোর। লখনউয়ের সামনে ২১৩ রানের টার্গেট দাঁড়ায়। প্রথমদিকে এলএসজির ব্যাটিং ফর্ম খারাপ হলেও দুর্দান্ত ভাবে ২১৩ রান করে ম্যাচ জিতে নেয় তারা।
এক উইকেটে জিতে যায় কেএল রাহুলের টিম। তবে এরই মধ্যে ম্যাচের শেষ বলের আগে একটি ঘটনা ঘটে যায়। এই মুহূর্তই ম্যাচের সমস্ত নজর কেড়ে নিয়েছে। হার্ষাল যখন ২০ তম ওভারের শেষ বল করতে আসছিলেন, তখন স্ট্রাইকে ছিলেন আভেশ খান। নন-স্ট্রাইকার এন্ডে ছিলেন রবি বিষ্ণোই। হার্ষাল বল করার আগেই ক্রিজ ছেড়ে দৌড়াতে শুরু করে দেন লখনউয়ের স্পিনার। তখন নন-স্ট্রাইকারে থাকা বিষ্ণোইকে রান-আউটের চেষ্টা করেন হার্ষাল। স্টাম্পে বল লাগলেও আউট দেয়নি আম্পায়ার। তবে সিদ্ধান্তটি একদম ঠিকঠাক ছিলো। এই ঘটনাকে নিয়ে হার্ষালকে কটাক্ষ করে বসেন সাউথ আফ্রিকার প্রাক্তন তারকা ডেল স্টেইন। পরে অবশ্য তিনি ট্যুইট মুছে দেন।






