পূর্ব বর্ধমান জেলার মেমারি থানার বিজরা গ্রামে ঘটল মর্মান্তিক এক দুর্ঘটনা। নিজের পোষা ষাঁড়ের আক্রমণে মৃত্যু হল গ্রামেরই বাসিন্দা ৭০ বছর বয়সী অধীর কুমার ঘোষের। শনিবার দুপুরে তিনি গ্রামের মাঠে গরু চরাতে গিয়েছিলেন। সেসময় হঠাৎ করেই তার পোষা ষাঁড়টি ক্ষিপ্ত হয়ে উঠে তাঁর ওপর আক্রমণ করে। শিং ঢুকিয়ে দেয় তাঁর পেটে, ফলে গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হয় পেটের অভ্যন্তরীণ অঙ্গপ্রত্যঙ্গ।
চোখের সামনে এমন হৃদয়বিদারক দৃশ্য দেখে রাস্তা দিয়ে যাওয়া স্থানীয় কয়েকজন ছুটে আসেন এবং কোনওরকমে ষাঁড়টিকে দূরে সরিয়ে বৃদ্ধকে উদ্ধার করেন। সঙ্গে সঙ্গে তাঁকে নিয়ে যাওয়া হয় প্রথমে পাহাড়হাটি হাসপাতালে। কিন্তু অবস্থার অবনতি হওয়ায় তাঁকে সেখান থেকে রেফার করা হয় বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে। সেখানে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন।
রবিবার ময়নাতদন্তের জন্য মৃতদেহ পাঠানো হয় বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে। মৃত অধীরবাবুর ভাই মধুসূদন ঘোষ জানান, “আমার দাদা প্রতিদিনের মতোই গরু চরাতে গিয়েছিলেন। কে জানতো নিজেরই পোষা ষাঁড়ের এমন আক্রমণে প্রাণ যাবে!”
ঘটনার পর গোটা বিজরা গ্রামে নেমে এসেছে শোকের ছায়া। গ্রামের বাসিন্দারা জানান, মৃত বৃদ্ধ অত্যন্ত শান্ত ও নিরীহ স্বভাবের মানুষ ছিলেন। কী কারণে ষাঁড়টি আচমকা ক্ষিপ্ত হয়ে উঠল, তা নিয়ে প্রশ্ন উঠছে।
স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।







