নিজস্ব সংবাদদাতা: কসবার রাজডাঙায় হৃদয়বিদারক ঘটনা। একই পরিবারের তিনজন—স্বামী, স্ত্রী ও তাঁদের একমাত্র পুত্রের ঝুলন্ত দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়াল গোটা এলাকা জুড়ে। গা ছমছমে এই ঘটনায় হতবাক স্থানীয়রা। আত্মহত্যা নাকি এর পেছনে রয়েছে আরও গভীর কোনও রহস্য? তদন্তে নেমেছে পুলিশ।
ঘটনাটি ঘটেছে কসবার ৫০ নম্বর ওয়ার্ডের রাজডাঙা গোল্ড পার্ক এলাকার একটি আবাসনে। মৃতরা হলেন সরজিৎ ভট্টাচার্য (৭০), তাঁর স্ত্রী গার্গী ভট্টাচার্য (৬৮) এবং তাঁদের একমাত্র পুত্র আয়ুষ্মান ভট্টাচার্য (৩৮)। সোমবার সকাল থেকে ঘরের দরজা-জানলা বন্ধ দেখে সন্দেহ হয় প্রতিবেশীদের। দীর্ঘ সময় কোনও সাড়া না পাওয়ায় খবর দেওয়া হয় কসবা থানায়।
পুলিশ এসে দেখে বাড়ির মূল গেটে ভেতর থেকে তালা দেওয়া এবং ঘরের দরজাও ভিতর থেকে বন্ধ। স্থানীয়দের উপস্থিতিতে প্রথমে গেট ও পরে ঘরের দরজা ভেঙে ভিতরে ঢোকে পুলিশ। তখনই চোখে পড়ে মর্মান্তিক দৃশ্য—ঘরের তিনটি ভিন্ন অংশে ঝুলছে পরিবারের তিনজনের নিথর দেহ।
ঘটনাস্থলে পৌঁছে পুলিশ দেহগুলি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে। ইতিমধ্যেই শুরু হয়েছে ফরেনসিক পরীক্ষাও। প্রাথমিকভাবে কোনও সুইসাইড নোট মেলেনি বলেই খবর। তবে মৃত্যুর সঠিক কারণ জানতে ময়নাতদন্তের রিপোর্টের অপেক্ষায় তদন্তকারীরা। পরিবারের নিকট আত্মীয়দের সঙ্গে যোগাযোগ করছে পুলিশ, পাশাপাশি প্রতিবেশীদের বয়ানও রেকর্ড করা হয়েছে।
পুলিশের এক আধিকারিক জানিয়েছেন, “এটা নিছক আত্মহত্যা, না এর নেপথ্যে অন্য কোনও চাপ বা ষড়যন্ত্র রয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে। পরিবারের আর্থিক অবস্থা, পারিবারিক সম্পর্ক—সবদিকই খতিয়ে দেখা হচ্ছে।”
এই নিঃসঙ্গ, নিস্তব্ধ মৃত্যু তিনজনকে নিয়ে চলে গেল একসঙ্গে—তবে রেখে গেল অসংখ্য প্রশ্ন, আতঙ্ক আর কান্না।
এখন শুধু সময় বলবে, এই ত্রিমৃত্যুর পেছনে লুকিয়ে আছে কোন নির্মম সত্য।







