আজ কাঞ্চননগর দীননাথ দাস উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হল এক শিক্ষামূলক ডিজিটাল সাক্ষরতা কর্মশালা, যেখানে অংশ নেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের মাস কমিউনিকেশন বিভাগের চতুর্থ সেমিস্টারের ছাত্রছাত্রীরা। “সমাজে অবদান” প্রকল্পের অংশ হিসেবে এই কর্মসূচির আয়োজন করা হয়, যার মূল উদ্দেশ্য ছিল স্কুল পড়ুয়াদের মধ্যে ডিজিটাল জ্ঞানের প্রচার এবং নিরাপদ তথ্য ব্যবহারের পদ্ধতি শেখানো।
ছাত্রছাত্রীরা বিভিন্ন উপস্থাপনার মাধ্যমে দেখান কীভাবে দৈনন্দিন জীবনে—পড়াশোনা, অনলাইন কেনাকাটা বা যোগাযোগ—এই সব ক্ষেত্রেই ইন্টারনেট ব্যবহারে সচেতনতা ও সুরক্ষা অপরিহার্য। হ্যাকিংয়ের আশঙ্কা থেকে কীভাবে নিজেকে রক্ষা করা যায়, তাও সহজ ভাষায় তুলে ধরেন তাঁরা।
বিদ্যালয়ের কম্পিউটার শিক্ষিকা অনন্যা ঘোষ বলেন, “বর্তমান প্রজন্ম নানা ধরনের মোবাইল ও অ্যাপ ব্যবহার করছে, কিন্তু সবসময়ই তাদের সঠিক দিকনির্দেশের প্রয়োজন। এই সেমিনার তাদের জন্য অত্যন্ত কার্যকর।”
প্রধানশিক্ষক ডঃ সুভাষচন্দ্র দত্ত এই উদ্যোগের প্রশংসা করে বলেন, “ডিজিটাল দুনিয়ায় পিছিয়ে পড়লে ভবিষ্যতে সমস্যায় পড়তে হবে। এই ধরনের সচেতনতামূলক কর্মসূচি সেই ঝুঁকি কমাতেই সাহায্য করে।”
ছাত্রছাত্রীদের এই প্রয়াস ডিজিটাল শিক্ষাকে শুধু তাত্ত্বিক না রেখে ব্যবহারিক জীবনের সঙ্গে যুক্ত করে দিল — যা বর্তমান সময়ের জন্য অত্যন্ত প্রাসঙ্গিক ও প্রয়োজনীয়।







