মোহনবাগান ও বেহালা স্পোর্টিংকে হারিয়ে যখন কলকাতা লিগের শীর্ষে পৌঁছনোর স্বপ্ন দেখছিল ইস্টবেঙ্গল, তখনই যেন বাস্তবের মাটিতে নামিয়ে দিল পুলিশ অ্যাথলেটিক ক্লাব। রবিবার ব্যারাকপুর স্টেডিয়ামে ০-২ গোলে হারল লাল-হলুদ ব্রিগেড। এই হারের ফলে শুধু শীর্ষে ওঠার সুযোগ হাতছাড়া হল না, বরং দলের আত্মবিশ্বাসে বড় ধাক্কা লাগল বলে মত অনেকের।
ম্যাচের শুরু থেকেই এ দিন আগ্রাসী ছন্দে ছিল পুলিশ দল। মাত্র ১১ মিনিটেই পেনাল্টি থেকে গোল করে দলকে এগিয়ে দেন মোহনবাগান ম্যাচের নায়ক মহম্মদ আমিল। গোল পাওয়ার পরেই ছন্দ বদলায় ম্যাচের। পুলিশ রক্ষণে কড়া প্রাচীর গড়ে তোলে। ইস্টবেঙ্গল বেশ কিছু সুযোগ তৈরি করলেও, ফয়জল আলি, সুরজিৎ শীলদের রক্ষণভাগ সেইসব প্রচেষ্টা ব্যর্থ করে দেয়।
দ্বিতীয়ার্ধে প্রত্যাবর্তনের ইঙ্গিত দিলেও কার্যত পুলিশই নিয়ন্ত্রণ নেয় খেলার। ৭৫ মিনিটে মৃন্ময় মহাপাত্রের দুর্দান্ত গোলে ব্যবধান দ্বিগুণ হয়ে যায়। এরপর মরিয়া চেষ্টা করেও গোলের মুখ খোলেনি ইস্টবেঙ্গল। বরং ম্যাচ যত এগিয়েছে, ততই পুলিশ দলের রক্ষণ আরও জমাট হয়েছে।
এই হারের পর প্রশ্ন উঠছে, বড় ম্যাচে জিতলেও ধারাবাহিকতা হারিয়ে ফেলছে ইস্টবেঙ্গল? পুলিশ দলের পরিকল্পনা, ছক ও রক্ষণাত্মক শৃঙ্খলার সামনে কার্যত দিশেহারা হয়ে পড়ে লাল-হলুদের আক্রমণভাগ। কলকাতা লিগের লড়াইয়ে এবার ঘুরে দাঁড়ানোর চ্যালেঞ্জ আরও কঠিন ইস্টবেঙ্গলের কাছে।







