বুধবার ভোরে শিয়ালদহ স্টেশন সংলগ্ন এলাকায় টহলরত ট্র্যাফিক পুলিশের হাতে ধরা পড়লেন এক যুবক। পুলিশ সূত্রে খবর, তাঁর কাছ থেকে একটি দেশি আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছে। ধৃতের নাম পঙ্কজ বিশ্বাস (৩০), বাড়ি পটারি রোডে।
ঘটনাটি ঘটে সকাল প্রায় ৫টা ৪০ মিনিটে, বেলেঘাটা রোডের কাছে। শিয়ালদহ ট্র্যাফিক গার্ডের হোমগার্ড সুজিত খাঁড়া ও সার্জেন্ট হিরণ্ময় সরকার দায়িত্বে ছিলেন সেসময়। তাঁদের নজরে আসে, এক যুবক অস্বাভাবিক ভঙ্গিতে চারপাশে তাকাচ্ছে। পুলিশকর্মীদের চোখে চোখ পড়তেই সে দৌড়ে পালানোর চেষ্টা করে। মুহূর্তের মধ্যেই তাঁরা তাকে ধরে ফেলেন এবং তল্লাশি চালান।
তল্লাশিতে পঙ্কজের জামার ভেতর থেকে একটি দেশি আগ্নেয়াস্ত্র বেরিয়ে আসে। ঘটনাস্থলেই খবর দেওয়া হয় এন্টালি থানায়। থানার পুলিশ এসে তাকে হেফাজতে নেয় এবং পরে গ্রেফতার করে।
তদন্তকারীদের প্রাথমিক ধারণা, অস্ত্রটি কার্যক্ষম নয়। সেটি বাজেয়াপ্ত করে ফরেনসিক পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। কোথা থেকে এবং কী উদ্দেশ্যে অস্ত্রটি তাঁর কাছে এল, তা জানতে পুলিশ জিজ্ঞাসাবাদ চালাচ্ছে। অভিযুক্তের বিরুদ্ধে অস্ত্র আইনের উপযুক্ত ধারায় মামলা রুজু হয়েছে।







