খেলাধুলা

ডুরান্ড কাপের ইতিহাসে অভিষেকেই শেষ আটে ডায়মন্ড হারবার এফসি

ডুরান্ড কাপ ২০২৫-এ ইতিহাস গড়ল ডায়মন্ড হারবার এফসি। টুর্নামেন্টে প্রথমবার অংশগ্রহণ করেই কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিল কিবু ভিকুনার দল। গ্রুপ পর্বে দুর্দান্ত পারফরম্যান্সের পর শেষ ম্যাচে মোহনবাগানের কাছে ৫-১ ব্যবধানে হারলেও গোল পার্থক্যের সুবাদে শেষ আটে পৌঁছে যায় তারা। আগামী ১৭ আগস্ট জামশেদপুরে আইএসএল শক্তিশালী জামশেদপুর এফসির মুখোমুখি হবে নবাগত ক্লাবটি।

শুক্রবার সাংবাদিক সম্মেলনে কোচ ভিকুনা জানান, মোহনবাগানের বিরুদ্ধে ম্যাচ শেষ হতেই কোয়ার্টার ফাইনালের প্রস্তুতি শুরু হয়েছে। জামশেদপুরের বিপক্ষে সুনির্দিষ্ট পরিকল্পনা অনুযায়ী অনুশীলন চলছে। তবে দলের অন্যতম গুরুত্বপূর্ণ বিদেশি ফুটবলার ক্লেটন সিলভেইরা চোটের কারণে ম্যাচে খেলতে পারবেন না। ভিকুনার মতে, “ক্লেটনের অনুপস্থিতি বড় ধাক্কা হলেও দলকে সেরাটা দিতে হবে।”

মোহনবাগানের কাছে বড় ব্যবধানে হার নিয়েও আত্মবিশ্বাসী কোচ বলেন, “এটা শুধুই একটা ফুটবল ম্যাচ। ২৩ ম্যাচ অপরাজিত থাকার পর হারের কষ্ট আছে, তবে সামনে বড় সুযোগ অপেক্ষা করছে।” আক্রমণভাগ ও রক্ষণ নিয়ে প্রশ্নে তিনি স্বীকার করেন, আক্রমণে গোল করার ক্ষমতা প্রমাণ হলেও রক্ষণে উন্নতির প্রয়োজন রয়েছে।

জামশেদপুর এফসিতে কোচ খালিদ জামিলের পরিবর্তে স্টিফেন ডায়াসের আগমন প্রসঙ্গে ভিকুনা জানান, “নতুন কোচ মানেই নতুন অনিশ্চয়তা, তবে আমরা নিজেদের পরিকল্পনাতেই মনোযোগী।” দলের সিনিয়র ফুটবলার হোলিচরণ নার্জারি স্পষ্ট করে বলেন, “লক্ষ্য একটাই—ফাইনালে পৌঁছানো।”

এখন ডুরান্ড কাপের নবাগত চমক ডায়মন্ড হারবার এফসির সামনে বড় চ্যালেঞ্জ—জামশেদপুরের মতো অভিজ্ঞ প্রতিপক্ষকে হারিয়ে সেমিফাইনালে পা রাখা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.