বিনোদন

জাহ্নবী-সিদ্ধার্থের ‘পরম সুন্দরী’ ঘিরে উত্তেজনা, ভেসে এল ‘চেন্নাই এক্সপ্রেস’-এর ছায়া

বলিউডের পর্দায় ফের আসছে এক ঝলক রঙিন প্রেম। জাহ্নবী কাপুর ও সিদ্ধার্থ মালহোত্রাকে নিয়ে পরিচালক তুষার জলোটা হাজির হয়েছেন নতুন রোম্যান্টিক কমেডি ছবি ‘পরম সুন্দরী’-তে। ট্রেলার মুক্তির পর থেকেই দর্শকদের মধ্যে শুরু হয়েছে প্রবল কৌতূহল। ছবির গানগুলো ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় প্রশংসা কুড়িয়েছে। তবে ছবিটিকে ঘিরে আলোচনার কেন্দ্রে এসেছে এক অদ্ভুত মিল। নেটিজেনদের একাংশ বলছেন, ছবির গল্প কোথাও যেন মনে করিয়ে দিচ্ছে শাহরুখ খান ও দীপিকা পাডুকোন অভিনীত ব্লকবাস্টার ‘চেন্নাই এক্সপ্রেস’-কে। ২০১৩ সালের সেই সুপারহিট ছবিতে যেমন এক দক্ষিণী কন্যা প্রেমে পড়েছিলেন উত্তর ভারতের যুবক শাহরুখ খানের চরিত্র রাহুলের, তেমনি ‘পরম সুন্দরী’-তেও রয়েছে উত্তর-দক্ষিণ প্রেমের কাহিনি।

এই তুলনা প্রসঙ্গে অবশ্য নিজস্ব বক্তব্য রেখেছেন জাহ্নবী কাপুর। তাঁর কথায়,”আমার চরিত্র কেরলের, সে অর্ধেক মালয়ালি ও অর্ধেক তামিলিয়ান। দক্ষিণ ভারত মানেই একই ধরনের মানুষ নয়। আমরা দুজনে একেবারেই আলাদা। এই বিষয়টা যে বারবার ঘুরেফিরে হচ্ছে এমনও নয়। ‘টু স্টেটস’ ছবিতেও উত্তর-দক্ষিণ প্রেম ছিল, কিন্তু সেটা ‘চেন্নাই এক্সপ্রেস’-এর পর এসেছিল। আসলে এই ধরনের ছবি প্রতি বছর তৈরি হয় না। আর যেটা সবচেয়ে জরুরি, মানুষ আমাদের এমন কিছুর সঙ্গে তুলনা করছে না যেটা ভুলে যেতে হবে। ‘চেন্নাই এক্সপ্রেস’ ছিল একেবারে আইকনিক ছবি, আইকনিক চরিত্র আর আইকনিক অভিনেতাদের অভিনয়ে।” সহ-অভিনেতা সিদ্ধার্থ মালহোত্রাও এই প্রসঙ্গকে ইতিবাচক ভাবেই দেখছেন। তিনি বলেন,”‘চেন্নাই এক্সপ্রেস’ আজ থেকে দশ বছর আগে বেরিয়েছিল। সেই ছবিকে এখনও দর্শক মনে রেখেছেন-এটাই গর্বের ব্যাপার। পরম সুন্দরী একেবারেই আলাদা অভিজ্ঞতা দেবে।”

ছবিটির প্রযোজক দীনেশ ভিজন, যিনি ‘স্ত্রী’, ‘মিমি’, ‘বাধাই হো’-এর মতো জনপ্রিয় সিনেমা দর্শকদের উপহার দিয়েছেন। জানা গেছে, ‘পরম সুন্দরী’ তে দক্ষিণী সংস্কৃতির ছোঁয়া থাকলেও এটি এক আধুনিক প্রেমের গল্প, যেখানে সাংস্কৃতিক বৈচিত্র্যের পাশাপাশি থাকবে হাসি, আবেগ আর রোম্যান্সের মেলবন্ধন। অনেকদিন পর রোম্যান্স ঘরানায় ফিরছেন সিদ্ধার্থ মালহোত্রা। গত কয়েক বছরে তিনি ‘শেরশাহ’, ‘যোদ্ধা’র মতো অ্যাকশনধর্মী সিনেমায় ব্যস্ত ছিলেন। অন্যদিকে জাহ্নবীও কেরিয়ারকে বৈচিত্র্যময় করতে চাইছেন, তাই তাঁর জন্যও এই ছবি এক বড়ো পরীক্ষা। আগামী ২৯ আগস্ট, শুক্রবার মুক্তি পাবে ‘পরম সুন্দরী’। ট্রেলার ও গানে যে উচ্ছ্বাস ইতিমধ্যেই দেখা যাচ্ছে, তা দেখে মনে হচ্ছে দর্শকরা এবারও উত্তর-দক্ষিণের এই প্রেমকাহিনিকে উষ্ণ অভ্যর্থনা জানাবেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.