কলকাতা: বিধায়ক শওকত মোল্লার কনভয়ের পুলিশ গাড়ির ধাক্কায় বাইক আরোহী মহম্মদ তাজউদ্দিনের মৃত্যু ঘিরে তোলপাড় হয়েছিল রাজ্য রাজনীতি। এবার ফের নেমে এলো শোকের ছায়া। তাজউদ্দিনের বিশেষভাবে সক্ষম দাদা, মহম্মদ সাকিলও মারা গেলেন। পরিবারের দাবি— ভাইয়ের অকাল মৃত্যুর শোকই শেষ করে দিল সাকিলকে।
এদিন দুপুরে মৃতদের বাড়িতে যান বালিগঞ্জের বিধায়ক তথা মন্ত্রী বাবুল সুপ্রিয়। শোকসন্তপ্ত পরিবারের পাশে দাঁড়িয়ে সাহায্যের আশ্বাস দেন তিনি। বাবুলের কাছে পরিবারের পক্ষ থেকে চাকরির দাবি জানানো হয়। সূত্রের খবর, বাবুল তাঁদের জানান, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কথা বলে দেখবেন কীভাবে পাশে থাকা যায়।
প্রসঙ্গত, গত মঙ্গলবার দক্ষিণ ২৪ পরগনার ক্যানিং থেকে কলকাতায় আসার পথে শওকত মোল্লার কনভয়ে থাকা একটি পুলিশ গাড়ি ধাক্কা মারে বাইক আরোহী তাজউদ্দিনকে। এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হলেও বাঁচানো যায়নি তাঁকে। পরে জানা যায়, যে পুলিশ গাড়িটি ব্যবহার করা হচ্ছিল সেটি মেয়াদোত্তীর্ণ এবং ১৬ বছরের পুরনো। কীভাবে সেই গাড়ি সরকারি কনভয়ে ব্যবহার হচ্ছিল, সেই প্রশ্নে রীতিমতো অস্বস্তিতে পড়েছে পুলিশ প্রশাসন। ঘটনার পরই গাড়িচালকের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়। তবে ওই চালকও গুরুতর আহত বলে জানা গেছে।
এখন প্রশ্ন উঠছে— একের পর এক মৃত্যুতে কতটা দায় এড়াতে পারবে প্রশাসন? পরিবারের দাবি অনুযায়ী, তাজউদ্দিনের মৃত্যুর ধাক্কা সহ্য করতে না পেরে প্রয়াত সাকিল। দুই ভাইকে হারিয়ে ভেঙে পড়েছে গোটা পরিবার।







