আনন্দঘন উৎসবের আবহ হঠাৎই রূপ নিল শোকে। দুর্গাপুজোর বিসর্জনে বেরিয়ে ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়ে প্রাণ হারালেন অন্তত ১৪ জন। মৃতদের মধ্যে ১০ জনই শিশু। নাড়িয়ে দেওয়ার মতো ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার রাতে খান্ডোয়া জেলার জামিল গ্রামে।
প্রত্যক্ষদর্শীদের বর্ণনা অনুযায়ী, দুর্গা প্রতিমা বিসর্জন দিতে একটি ট্রাক্টর ট্রলিতে ২০-২৫ জন গ্রামবাসী যাচ্ছিলেন। পথে একটি কার্লভার্ট পার হওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় ট্রাক্টরটি। মুহূর্তের মধ্যেই সেটি পড়ে যায় পাশের পুকুরে। ট্রলিতে থাকা যাত্রীদের অনেকেই চাপা পড়ে প্রাণ হারান।
এখনও পর্যন্ত উদ্ধার করা হয়েছে ১৪ জনের মৃতদেহ। স্থানীয়রা জানিয়েছেন, মৃতদের মধ্যে অধিকাংশই শিশু ও তরুণ-তরুণী। বয়স ১৫ থেকে ২৫ বছরের মধ্যে। কয়েকজন মহিলা-সহ একাধিক যাত্রী গুরুতর আহত অবস্থায় স্থানীয় হাসপাতালে ভর্তি। তাঁদের কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।
খান্ডোয়ার পুলিশ সুপার মেনাজ কুমার রাই জানিয়েছেন, মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। উদ্ধারকাজ চলছে যুদ্ধকালীন তৎপরতায়। ঘটনাস্থলে পৌঁছেছেন জেলা প্রশাসনের কর্তারা।
ঘটনায় গভীর শোকপ্রকাশ করেছেন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদব। নিহতদের পরিবারকে ৪ লাখ টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা করেছেন তিনি। মুখ্যমন্ত্রী বলেন, “দুর্গা বিসর্জনের মতো শুভ সময়ে এমন মর্মান্তিক দুর্ঘটনা বেদনাদায়ক। নিহতদের পরিবারকে সমবেদনা জানাচ্ছি। ঈশ্বর করুন, তাঁরা দ্রুত এই দুঃখ কাটিয়ে উঠতে পারেন।”
উৎসবের আনন্দ ছাপিয়ে এখন শোকের ছায়া নেমে এসেছে খান্ডোয়ার জামিল গ্রামে। দুর্গা বিসর্জনের আনন্দযাত্রা পরিণত হয়েছে এক অঘটনে—যেখানে একসঙ্গে নিভে গেল ১৪টি প্রাণ।







