ভারতীয় ক্রিকেটে বড়সড় রদবদল ঘটিয়ে রোহিত শর্মার বদলে শুভমন গিলকে ওয়ানডে দলের নতুন অধিনায়ক করা হয়েছে। প্রধান নির্বাচক অজিত আগরকর জানিয়েছেন যে, এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে ২০২৭ সালের বিশ্বকাপকে সামনে রেখে। তবে বোর্ড এবং ক্রিকেট মহলের অভ্যন্তরে গুঞ্জন অন্য। অনেকেই বলছেন, নেতৃত্ব হারানোর নেপথ্যে রোহিতের ‘টিম সংস্কৃতি’র ওপর প্রভাব খাটানো নিয়ে বোর্ডের উদ্বেগ রয়েছে।
বোর্ডের একটি সূত্রের খবর অনুযায়ী, রোহিত শর্মা এখন শুধু ওয়ানডেতেই খেলেন। যেহেতু এই ফরম্যাটে ম্যাচের সংখ্যা সবচেয়ে কম, তাই একজন বড় মাপের ব্যক্তিত্বের স্বল্প উপস্থিতিতে দলের মধ্যে সুনির্দিষ্ট সংস্কৃতি তৈরি করা বা বজায় রাখা কঠিন। টিম ম্যানেজমেন্ট মনে করছে, এতে দলের পরিবেশ বিঘ্নিত হতে পারে। প্রসঙ্গত, রোহিত এর আগেই টি-টোয়েন্টি থেকে অবসর নিয়েছেন এবং টেস্টের নেতৃত্ব থেকেও সরে দাঁড়িয়েছেন।
সূত্রের খবর অনুযায়ী, কোচ ও নির্বাচকদের যৌথ আলোচনাতেই এই কঠিন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তাদের মূল ভাবনা হলো, ৩০ পেরোনো রোহিত ও কোহলির মতো সিনিয়র খেলোয়াড়রা আগামী দু’বছর পর বিশ্বকাপে কেমন পারফর্ম করবেন, তা নিশ্চিত নয়। হঠাৎ ফর্ম পড়লে নেতৃত্ব ও দলে বড় সমস্যা সৃষ্টি হতে পারত। তাই দ্রুত নতুন নেতা তৈরি করাই ছিল লক্ষ্য।







