জেলারাজ্য

শারীরিক দূর্বলতা কাটাতে শুরু করা ব্যায়াম, এনে দিল আন্তর্জাতিক সোনা!

একটা সময় ছিল যখন রোজ জ্বর, সর্দি-কাশি লেগেই থাকত। ডাক্তার পরামর্শ দিলেন শরীরচর্চার। সেই ছোট্ট শরীরটাকে শক্তিশালী করতে যে যাত্রা শুরু হয়েছিল, তা এক দশকের মাথায় পৌঁছল আন্তর্জাতিক মঞ্চে। আর সেখান থেকেই দেশে ফিরল একখানি সোনার পদক।

পশ্চিম মেদিনীপুরের সাঁকরাইল ব্লকের রঘুদেবপুর পঞ্চায়েতের কন্যামনি কলাতলার বাসিন্দা অনিন্দ্য মোসেল এখন রাজ্যের গর্ব। ভুটানের থিম্পু শহরে অনুষ্ঠিত ১৫তম সাউথ এশিয়ান বডি বিল্ডিং চ্যাম্পিয়নশিপের ৭৫ কেজি বিভাগে সোনা জিতে ফিরেছেন তিনি। আটটি দেশের ২০ জন প্রতিযোগীর মধ্যে অনিন্দ্যর নাম উঠেছে সবার ওপরে।

বৃহস্পতিবার সন্ধ্যায় যখন তিনি গ্রামে ফেরেন, তখন প্রবল বৃষ্টিকেও উপেক্ষা করে গ্রামের মানুষ মালা পরিয়ে বরণ করে নেয় “সোনার ছেলে” অনিন্দ্যকে। ছোটবেলার দুর্বলতা পেছনে ফেলে আজ তিনি একজন আন্তর্জাতিক স্তরের চ্যাম্পিয়ন, জিম ট্রেনার ও অনুপ্রেরণার নাম।

২০১০ সালে স্নাতক ডিগ্রি অর্জনের পর এক চিকিৎসকের কথায় শুরু করেন যোগব্যায়াম। পরে ধীরে ধীরে যোগ দেন ভারোত্তোলনে। ২০১৩ সালে প্রথম জেলাস্তরের প্রতিযোগিতায় পদক পান। এরপর রাজ্য, জাতীয় এবং এবারে আন্তর্জাতিক মঞ্চে বাজিমাত।

বর্তমানে প্রতিদিন সকাল ও বিকেলে তিন ঘণ্টা করে মোট ছয় ঘণ্টা অনুশীলনে নিজেকে তৈরি করেন অনিন্দ্য। খাওয়াদাওয়ার রুটিন থেকে শরীরের যত্ন—সবকিছুই চলে পরিকল্পনা মাফিক। সেই দায়িত্ব ভাগ করে নিয়েছেন অনিন্দ্যর স্ত্রী, যিনি নিজে একজন চিকিৎসক।

অনিন্দ্যর বাবা, অনাদী মোসেল একজন চিত্রশিল্পী ও ভাস্কর হলেও কর্মসংস্থান ছিল অনিয়মিত। ফলে ছোটবেলা থেকেই জীবনের সঙ্গে লড়াই করতে শিখেছেন অনিন্দ্য। পড়াশোনার খরচ চালানোর জন্য পড়াতে হয়েছে ছাত্রও।

তবে এত কিছুর পরেও আক্ষেপ রয়ে গেছে—”অন্যান্য রাজ্যের প্রতিযোগীরা সরকারি সহায়তা ও নানা সুযোগ-সুবিধা পেলেও, পশ্চিমবঙ্গের হয়ে সোনা জেতা সত্ত্বেও সেই স্বীকৃতি পাননি আমি,” জানান অনিন্দ্য।

তবুও থেমে থাকবেন না বলে জানিয়েছেন তিনি। লক্ষ্য আরও বড় আন্তর্জাতিক মঞ্চ, যেখানে তিনি আবারও ভারতের নাম উজ্জ্বল করতে চান।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.