জেলা

পরকীয়া সন্দেহে রক্তাক্ত স্ত্রী, পলাতক স্বামী

পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রামে পরকীয়া সন্দেহের জেরে স্ত্রীকে ধারালো অস্ত্র দিয়ে কোপানোর অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। গুরুতর জখম অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে স্ত্রীকে, আর অভিযুক্ত স্বামী বর্তমানে পলাতক।

স্থানীয় সূত্রে জানা গেছে, নন্দীগ্রাম-২ নম্বর ব্লকের খোদামবাড়ি ২ নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকার জয়পুর গ্রামের বাসিন্দা শেখ নজু ও তাঁর স্ত্রী আরমিনা বিবির মধ্যে দীর্ঘদিন ধরেই পরকীয়া নিয়ে অশান্তি চলছিল। প্রতিবেশীরা একাধিকবার মীমাংসার চেষ্টা করলেও সেই অশান্তির অবসান হয়নি।

বৃহস্পতিবার গভীর রাতে আচমকাই চিৎকার শুনে প্রতিবেশীরা ছুটে এসে দেখেন, রক্তাক্ত অবস্থায় মাটিতে পড়ে রয়েছেন আরমিনা বিবি। দ্রুত তাঁকে নন্দীগ্রাম হাসপাতালে নিয়ে যাওয়া হয়, পরে অবস্থার অবনতি হওয়ায় তাঁকে তমলুকের একটি বেসরকারি নার্সিংহোমে স্থানান্তরিত করা হয়।

স্থানীয় বাসিন্দা শানু বিবি জানান, “হঠাৎই চিৎকার শুনে ছুটে যাই। দেখি আরমিনার মুখে প্রচুর রক্ত, সঙ্গে সঙ্গে হাসপাতালে নিয়ে যাই।”
আহত আরমিনার ছেলে শেখ আলামিন বলেন, “বাবা-মার মধ্যে ছোটবেলা থেকেই ঝামেলা চলছিল। বাবা সব সময় মা’র ওপর পরকীয়ার অভিযোগ তুলত, কিন্তু কখনও প্রমাণ দিতে পারেনি। সেদিন রাতে মা ঘুমিয়ে ছিলেন, তখনই বাবা আক্রমণ করে। মা চিৎকার করতেই পালিয়ে যায়।”

এদিকে অভিযুক্ত স্বামী শেখ নজু এখনও পলাতক। ঘটনার পর থেকেই এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।
হলদিয়া মহকুমা পুলিশ আধিকারিক অরিন্দম অধিকারী জানিয়েছেন, “ঘটনাটি আমাদের নজরে এসেছে। অভিযুক্তের খোঁজে তল্লাশি চলছে। পরিবারের পক্ষ থেকে এখনও পর্যন্ত কোনো লিখিত অভিযোগ দায়ের হয়নি।”

নন্দীগ্রামের শান্ত গ্রামাঞ্চলে এই নৃশংস ঘটনায় চরম আতঙ্কে স্থানীয় বাসিন্দারা। পুলিশের তৎপরতায় ধরা পড়বে কি অভিযুক্ত? সেই দিকেই এখন নজর সকলের।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.