ভারত বনাম অস্ট্রেলিয়ার পাঁচ ম্যাচের টি-২০ সিরিজের শেষ ম্যাচটি শুরু হয়েছিল দারুণ উদ্দীপনা নিয়ে, কিন্তু মাঝপথে বাধা দিল প্রকৃতি। শনিবার ব্রিসবেনের গাব্বা স্টেডিয়ামে পঞ্চম টি-২০ ম্যাচটি বজ্রপাত এবং বৃষ্টির আশঙ্কায় হঠাৎই বন্ধ হয়ে গেল। খেলা যখন থামে, তখন ভারতীয় দল ৪.৫ ওভারে বিনা উইকেটে ৫২ রান তুলে ফেলেছে। ওপেনার শুভমন গিল এবং অভিষেক শর্মা ব্যাট হাতে আগুন ঝরাচ্ছিলেন। খেলা বন্ধ হওয়ার আগে পর্যন্ত ভারতীয় ওপেনাররা অস্ট্রেলিয়ান বোলারদের ওপর রীতিমতো তাণ্ডব চালান। অভিষেক শর্মা আজ ছিলেন ভাগ্যবানের প্রিয়। অস্ট্রেলিয়ান ফিল্ডাররা দুটি সহজ ক্যাচ ফেললে দুইবার জীবন পান তিনি।
জীবন পেয়েই অভিষেক শর্মা এক নতুন বিশ্ব রেকর্ড গড়ে ফেলেন। টি-২০ ক্রিকেটে সব থেকে কম বলে (৫২৮ বল) ১,০০০ রান করার রেকর্ডটি গড়েন তিনি। এর আগে এই রেকর্ড ছিল সূর্যকুমার যাদবের (৫৭৩ বল) দখলে।অন্যদিকে, শুভমন গিল শুরু থেকেই মারমুখী মেজাজে ছিলেন। এক ওভারে তিনি পরপর চারটি বাউন্ডারি হাঁকিয়ে নিজের ফর্মে ফেরার ইঙ্গিত দেন।
এই ম্যাচে অস্ট্রেলিয়ার অধিনায়ক মিচেল মার্শ টসে জিতে প্রথমে ভারতকে ব্যাটিং করার আমন্ত্রণ জানান। ভারতীয় দলের লক্ষ্য এই ম্যাচ জিতে সিরিজ জয় নিশ্চিত করা।
অস্ট্রেলিয়া (প্লেয়িং ইলেভেন): মিচেল মার্শ (অধিনায়ক), ম্যাথু শর্ট, জশ ইংলিস, টিম ডেভিড, জশ ফিলিপ, মার্কাস স্টোইনিস, গ্লেন ম্যাক্সওয়েল, বেন দ্বারশুইস, জেভিয়ার বার্টলেট, নাথান এলিস, অ্যাডাম জাম্পা।
ভারত (প্লেয়িং ইলেভেন): অভিষেক শর্মা, শুভমন গিল, সূর্যকুমার যাদব (অধিনায়ক), রিঙ্কু সিং, জিতেশ শর্মা, ওয়াশিংটন সুন্দর, শিবম দুবে, অক্ষর প্যাটেল, অর্শদীপ সিং, বরুণ চক্রবর্তী, জসপ্রীত বুমরাহ।
খেলা বন্ধ হওয়ার পর কভার দিয়ে পিচ ঢেকে দেওয়া হয়েছে এবং খেলোয়াড়দের ড্রেসিংরুমে যেতে বলা হয়েছে। গ্যালারিতে উপস্থিত দর্শকদেরও নিরাপদ স্থানে সরে যেতে বলা হয়েছে। সবাই এখন অপেক্ষায়, কখন মেঘ কাটবে আর খেলা শুরু হবে।







