কলকাতা, শনিবার ভোর। ঘুম ভেঙে গেল গোটা বড়বাজারের। সকাল ৫টা নাগাদ ১৭ নম্বর এজরা স্ট্রিটের একটি ইলেকট্রিক সামগ্রীর দোকানের দ্বিতীয় তল থেকে আচমকাই লেলিহান শিখা বেরোতে দেখা যায়। মুহূর্তে ছড়িয়ে পড়ে ধোঁয়া, আর তার পরেই বিস্ফোরণের শব্দ। দোকানের ভিতরে থাকা প্রচুর তার, ট্রান্সফরমার, এসি-সহ ইলেকট্রিক সামগ্রী একের পর এক দুমদাম ফাটতে থাকে।
প্রথমেই স্থানীয় বাসিন্দারা ছুটে এসে আগুন নেভানোর চেষ্টা করেন। কিন্তু দ্রুত পরিস্থিতি হাতের বাইরে চলে যায়। এরপর দমকলে খবর দেওয়া হলে প্রথমে ছ’টি ইঞ্জিন পৌঁছয়। কিছুক্ষণের মধ্যেই আগুনের প্রকোপ দেখে মোট ১০টি ইঞ্জিন যুদ্ধকালীন তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে নামেন।
কিন্তু ঘিঞ্জি এলাকা, সরু গলি, তার ওপর দোকানভর্তি দাহ্য সামগ্রী—সব মিলিয়ে আগুন ভয়াবহ রূপ নেয়। যে বিল্ডিংয়ে আগুন লাগে, সেটি সম্পূর্ণভাবে আগুনে গ্রাসিত। তার ঠিক উল্টোদিকের বিল্ডিংয়েও আগুন ছড়িয়ে পড়েছে। প্রথমে একটি তলে আগুন দেখা গেলেও এখন তলা থেকে ছাদ পর্যন্ত আগুনের দাপট।
দমকল সূত্রে জানা গেছে, বিল্ডিংয়ের মাঝের অংশে পৌঁছতে পারছেন না কর্মীরা। টিনের ছাদ তেঁতে রয়েছে, ভেতরে ঢোকার উপায় নেই। গলির দুই দিক থেকেও জল দেওয়া হচ্ছে, কিন্তু আগুনের তীব্রতা এতটাই যে মুহূর্তে ছড়িয়ে পড়ছে। আশপাশের বাড়িগুলিতে আগুন ছড়িয়ে পড়ার আশঙ্কায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে।
একাধিক সিলিন্ডার ফাটার আওয়াজ, ইলেকট্রিক সামগ্রীর বিস্ফোরণ—সব মিলিয়ে এলাকা কাঁপছে। দমকলকর্মীরা কোনওমতে পাশের বিল্ডিংয়ের ছাদে উঠে পরিস্থিতি সামলানোর চেষ্টা করছেন। স্থানীয়রাও জল দিয়ে সাহায্য করছেন।
আগুন কীভাবে লাগল, তা এখনও স্পষ্ট নয়। প্রাথমিকভাবে অনুমান, শর্ট সার্কিট থেকেই এই ভয়াবহ অগ্নিকাণ্ড। পরিস্থিতি এখনও নিয়ন্ত্রণে নয়, বাড়ছে আগুনের দাপট। পুরো বড়বাজার এলাকায় চরম আতঙ্ক ছড়িয়েছে।
ঘটনাস্থলে দমকলের টানা লড়াই চলছে।







