ফের সেরার সম্মান পেল বাংলা। এবারের স্কচ অ্যাওয়ার্ড জিতে নিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প। নারী ও শিশুকল্যাণ বিভাগে স্কচ অ্যাওয়ার্ডের জন্য মনোনীত হল পশ্চিমঙ্গের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প। উল্লেখ্য, ২০২১ সালের বিধানসভা নির্বাচনে বিপুল ভোটে জেতার পরবর্তীতে মমতা বন্দ্যোপাধ্যায় এই প্রকল্প চালু করেছিলেন। ট্যুইটারে মুখ্যমন্ত্রী লেখেন, ‘আমি এটা ঘোষণা করতে পেরে গর্বিত যে পশ্চিমবঙ্গ সরকারের কল্যাণমূলক প্রকল্প লক্ষ্মীর ভাণ্ডার নারী ও শিশুকল্যাণ বিভাগে স্কচ অ্যাওয়ার্ড পেয়েছে।’
প্রসঙ্গত, মমতা বন্দ্যোপাধ্যায়ের আনা একাধিক প্রকল্পের মধ্যে অন্যতম ‘লক্ষ্মীর ভাণ্ডার’। রাজ্য সরকারের উদ্যোগে আয়োজিত দুয়ারে সরকারের ক্যাম্পে সবচেয়ে অধিক আবেদনপত্র যে বিভাগে জমা পড়ে তা এই প্রকল্পেই। বাংলার মহিলাদের কাছে খুবই পছন্দের এক প্রকল্প এটি। এই প্রকল্পের আওতায় জেনারেল ক্যাটাগরির মহিলারা মাসে ৫০০ টাকা করে পেয়ে থাকেন। অন্যদিকে, সংরক্ষিত ক্যাটাগরির মহিলাদের কাছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মাধ্যমে মাসে ১০০০ টাকা।
উল্লেখ্য, চলতি মাসেই রাজ্যে উৎসশ্রী প্রকল্পকে স্কচ সিলভার পুরস্কার দেওয়া হয়। অন্যদিকে, ঐক্যশ্রী প্রকল্পের জন্য গোল্ড পুরস্কার পেয়েছে বাংলা। জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্টের জন্য রাজ্যের বন দফতর পেয়েছে প্ল্যাটিনাম পুরস্কার। সব মিলিয়ে একের পর এক স্কচ পুরস্কার রাজ্য সরকারের ঝুলিতে।







