দেশ

গাঁজা পাচার-কাণ্ডে গ্রেফতার মধ্যপ্রদেশের মন্ত্রীর ভাই, তদন্তে মিলছে বড়সড় চক্রের যোগসূত্র

মধ্যপ্রদেশে গাঁজা পাচার চক্রের তদন্তে উঠে এল বিস্ফোরক তথ্য। রাজ্যের নগরোন্নয়ন ও আবাসন দপ্তরের মন্ত্রী প্রতিমা বাগরির ভাই অনিল গিরি গাঁজা পাচার মামলায় জড়িত— এমনই চাঞ্চল্যকর দাবি তদন্তকারীদের। ইতিমধ্যেই তাঁকে গ্রেফতার করেছে পুলিশ। ঘটনাটি প্রকাশ্যে আসতেই রাজনৈতিক মহলে তীব্র সমালোচনা শুরু হয়েছে। তবে মন্ত্রীর পক্ষ থেকে এখনও পর্যন্ত কোনও সরকারি প্রতিক্রিয়া মেলেনি।

পুলিশ সূত্রে জানা গেছে, গোপন তথ্যের ভিত্তিতে গত রবিবার গভীর রাতে মারাহুয়ান গ্রামের বাসিন্দা পঙ্কজ সিংয়ের বাড়িতে হানা দেয় পুলিশের বিশেষ দল। তল্লাশিতে উদ্ধার হয় ৪৬ কেজিরও বেশি গাঁজা, যার বাজারমূল্য আনুমানিক দশ লক্ষ টাকার কাছাকাছি। ঘটনাস্থল থেকেই গ্রেপ্তার করা হয় পঙ্কজকে।

জেরায় ধৃত পঙ্কজ তদন্তকারীদের জানান, ৪ ডিসেম্বর গভীর রাতে অনিল গিরি নিজেই ওই বিপুল পরিমাণ গাঁজা তাঁর বাড়িতে মজুত করে যান। এই তথ্যের ভিত্তিতেই অনিলকে গ্রেফতার করে পুলিশ। তদন্তকারীদের দাবি, এটি কোনও বিচ্ছিন্ন ঘটনা নয়। গত কয়েকদিন আগে যেই আন্তঃরাজ্য গাঁজা পাচার চক্রকে পুলিশ গ্রেপ্তার করেছে, তাদের সঙ্গে অনিল ও পঙ্কজের যোগাযোগ রয়েছে কি না— তাও খতিয়ে দেখা হচ্ছে।

মধ্যপ্রদেশ পুলিশের এক শীর্ষ আধিকারিক বলেন, “পঙ্কজ সিং এবং অনিল গিরি— দু’জনকেই গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনের একাধিক ধারায় মামলা রুজু হয়েছে। কীভাবে তাঁরা পাচারচক্রে যুক্ত, তা খতিয়ে দেখা হচ্ছে।”

পুলিশের দাবি, এই গ্রেপ্তারি বৃহত্তর আন্তঃরাজ্য নেটওয়ার্কের দিকেই ইঙ্গিত করছে। তদন্তের স্বার্থে আরও কয়েকজনের উপর নজর রাখা হচ্ছে। রাজনৈতিক অঙ্গনে ইতিমধ্যেই বিরোধীদের আক্রমণের মুখে পড়েছে শাসক দল, যদিও সরকারিভাবে বিষয়টি ‘আইন অনুযায়ী তদন্ত’ বলেই ব্যাখ্যা করা হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.