নদিয়ার শান্তিপুর থানা এলাকার উদয়পুরে ১২ নম্বর জাতীয় সড়কের ধারে মঙ্গলবার সকালে দেখা গেল চাঞ্চল্যকর দৃশ্য। রাস্তার পাশে ফেলে রাখা নোংরা আবর্জনার বস্তা থেকে উঁকি দিচ্ছিল বেশ কয়েকটি নির্বাচন পরিচয় পত্র। প্রথমে পথচলতি মানুষই বিষয়টি লক্ষ্য করেন এবং সন্দেহ হওয়ায় বস্তাটি খুলে দেখেন। সেখানে ছড়িয়ে-ছিটিয়ে থাকা বেশ কিছু ভোটার আইডি কার্ডের ঠিকানা দেখে আরও চমকে ওঠেন তাঁরা। কারণ— কার্ডগুলোর বেশিরভাগই উত্তর ২৪ পরগনা জেলার।
ঘটনার পরই খবর দেওয়া হয় শান্তিপুর থানায়। পুলিশ এসে সমস্ত কার্ড উদ্ধার করে তদন্ত শুরু করে। প্রাথমিকভাবে জানা গিয়েছে, বস্তায় থাকা পরিচয় পত্রগুলো কোনওভাবেই নদিয়া জেলার নয়। কীভাবে এগুলো এখানে এল, কারা বা কোন উদ্দেশ্যে জাতীয় সড়কের পাশে এগুলো ফেলে রেখে গেল, তা নিয়ে উঠছে একের পর এক প্রশ্ন।
এলাকার বাসিন্দাদের অভিযোগ, এভাবে সংবেদনশীল নথি রাস্তায় ফেলে রাখা অত্যন্ত উদ্বেগজনক। এর পেছনে বড় কোনও গাফিলতি, নাকি কোনো অসৎ চক্র সক্রিয়— তা এখনই স্পষ্ট নয়। প্রসঙ্গত, আগামীকালই নদিয়া জেলা সফরে আসছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার ঠিক আগের দিন ভোটার আইডি উদ্ধার হওয়ায় প্রশাসনের মধ্যে বাড়তি তৎপরতা দেখা গেছে।
পুলিশ সূত্রে জানা গেছে, কার্ডগুলোর সত্যতা যাচাই করতে উত্তর ২৪ পরগনা জেলার নির্বাচন দপ্তরের সঙ্গে যোগাযোগ করা হবে। পাশাপাশি, আশপাশের সিসিটিভি ফুটেজও খতিয়ে দেখা হচ্ছে। ভোটার আইডি কার্ড রাস্তার পাশে কীভাবে পড়ে রইল, এর সঙ্গে কোনও ত্রুটিপূর্ণ বিতরণ প্রক্রিয়া যুক্ত কিনা তাও খতিয়ে দেখা হবে।
ঘটনা প্রকাশ্যে আসতেই এলাকাজুড়ে তৈরি হয়েছে চাঞ্চল্য। তদন্তের অগ্রগতি না হওয়া পর্যন্ত প্রশ্ন থেকেই যাচ্ছে— আবর্জনার বস্তায় এতগুলো ভোটার আইডি এল কী করে?







