মুর্শিদাবাদ জেলার সাগরদিঘী থানার উদ্যোগে সাইবার প্রতারণার একটি গুরুত্বপূর্ণ মামলার তদন্তে বড় সাফল্য মিলল। ব্যারাকপুর থেকে গ্রেফতার করা হল এক যুবককে। অভিযুক্তের নাম দুরন্ত দাস শর্মা। সূত্রের খবর, তিনি কলকাতার সল্টলেক এলাকায় একটি বেসরকারি সংস্থায় কাজ করেন।
ঘটনার সূত্রপাত সাগরদিঘীর এক বাসিন্দার অভিযোগ থেকে। তিনি জানান, অজানা নম্বর থেকে ফোন আসে এবং লোন দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়। কথোপকথনের মাঝেই তাঁর মোবাইলে একাধিক ওটিপি আসে। লোন প্রক্রিয়ার নাম করে ওই ওটিপি চাইলে তিনি সেগুলি শেয়ার করে ফেলেন। আর সেই সুযোগেই প্রতারকরা তাঁর অ্যাকাউন্ট থেকে কৌশলে তুলে নেয় ১ লক্ষ ২৭ হাজার টাকা।
অভিযোগ দায়ের হতেই সাগরদিঘী থানার পুলিশ সাইবার টিমের সঙ্গে যৌথ তদন্ত শুরু করে। প্রযুক্তিগত নজরদারি চালিয়ে তারা প্রাপ্ত নম্বরের ট্র্যাক ধরে পৌঁছে যায় ব্যারাকপুরে। সেখান থেকেই গত রাতে গ্রেফতার করা হয় দুরন্ত দাস শর্মাকে।
পুলিশ সূত্রের দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য মিলেছে। তিনি একা কাজ করছিলেন নাকি কোনও বড় চক্রের অংশ—তাও খতিয়ে দেখা হচ্ছে। এছাড়া তাঁর হস্তগত ডিভাইসগুলি ফোরেন্সিক পরীক্ষার জন্য পাঠানো হয়েছে।
মঙ্গলবার অভিযুক্তকে ১৪ দিনের পুলিশ হেফাজতের আবেদন জানিয়ে জঙ্গিপুর মহাকুমা আদালতে পেশ করা হয়েছে।
সাগরদিঘী থানার পুলিশ জানিয়েছে, এই ঘটনার সঙ্গে যুক্ত অন্য কোনও ব্যক্তি বা চক্র সক্রিয় আছে কি না, সেটাই এখন তদন্তের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক। ভুক্তভোগীর টাকা কীভাবে বিভিন্ন অ্যাকাউন্টে স্থানান্তরিত হয়েছে—সেই রুটও খুঁজে দেখা হচ্ছে।
এই ঘটনার পর পুলিশ সাধারণ মানুষকে সতর্ক করে জানিয়েছে—অজানা নম্বর থেকে লোন বা আর্থিক সুবিধার প্রতিশ্রুতি পেলে কোনও অবস্থাতেই ওটিপি বা ব্যক্তিগত তথ্য শেয়ার করবেন না।







