কলকাতা: যুবভারতী ক্রীড়াঙ্গণে লিওনেল মেসির ইভেন্টে বিশৃঙ্খলার ঘটনায় মঙ্গলবার একযোগে দুটি বড় এবং তাৎপর্যপূর্ণ পদক্ষেপ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একদিকে ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসকে ইস্তফা দিতে বলা হয়েছে, অন্যদিকে রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমারকে শোকজ করেছে তদন্ত কমিটি। প্রাথমিক তদন্তের ভিত্তিতে ২৪ ঘণ্টার মধ্যে কারণ দর্শাতে বলা হয়েছে ডিজিকে—কেন ওই দিন ব্যবস্থাপনার ঘাটতি ও সমন্বয়ের ব্যর্থতা দেখা দিল, তার সরাসরি ব্যাখ্যা চাওয়া হয়েছে।
আপাতদৃষ্টিতে মনে হতে পারে, মন্ত্রীর ইস্তফাই বড় ঘটনা। কিন্তু রাজ্য রাজনীতি ও প্রশাসনিক মহলের একাংশের মতে, তুলনায় অনেক বেশি তাৎপর্যপূর্ণ হল রাজ্য পুলিশের প্রধানকে শোকজ করা। ডিজি পদে থেকে শোকজের নোটিস—পশ্চিমবঙ্গ পুলিশের ইতিহাসে যা কার্যত নজিরবিহীন। প্রশাসনিক সূত্রের দাবি, এই নোটিস রাজীব কুমারের সার্ভিস রেকর্ডেও প্রতিফলিত থাকবে, যা তাঁর জন্য বড় অস্বস্তির।
এই সিদ্ধান্তের রাজনৈতিক তাৎপর্য আরও গভীর। গত প্রায় দেড় দশকে রাজীব কুমার ছিলেন মুখ্যমন্ত্রীর অন্যতম আস্থাভাজন আইপিএস অফিসার। তাঁর প্রশাসনিক প্রভাব ও ‘উচ্চতা’ এমনই ছিল যে মন্ত্রী থেকে শীর্ষ আমলা—সকলেই তাঁকে সমীহ করে চলতেন। ২০১৯ সালের লোকসভা নির্বাচনের প্রাক্কালে চিটফান্ড মামলায় সিবিআই তৎকালীন কলকাতা পুলিশ কমিশনার রাজীব কুমারের বাড়িতে গেলে, মুখ্যমন্ত্রী নিজে পথে নেমে প্রতিবাদে ধর্নায় বসেছিলেন—সে ঘটনা এখনও রাজনৈতিক স্মৃতিতে টাটকা।
তাই প্রশ্ন উঠছে—কী এমন ঘটল যে সেই রাজীব কুমারের বিরুদ্ধেই এত কড়া অবস্থান নিলেন মুখ্যমন্ত্রী?
শনিবার যুবভারতীতে যে বিশৃঙ্খলা দেখা গিয়েছে, তার দায় পুলিশ এড়াতে পারে না—এমন মতই প্রশাসনিক মহলের বড় অংশের। সরকার প্রাথমিকভাবে আয়োজকদের দায়ী করলেও, সাধারণ মানুষের কাছে সেই ব্যাখ্যা খুব একটা গ্রহণযোগ্য হয়নি। প্রাক্তন আমলা ও পুলিশ কর্তারাও বলছেন, বিষয়টি কোনও নির্দিষ্ট আয়োজকের নয়—লিওনেল মেসির মতো বিশ্ববরেণ্য তারকার উপস্থিতিতে জনসমাগম ও নিরাপত্তা নিশ্চিত করা ছিল রাষ্ট্রের দায়িত্ব। কে আয়োজক—তা গৌণ, মুখ্য ছিল পাবলিক অর্ডার রক্ষা।
অভিযোগ উঠেছে, সেই দায়িত্ব পালনে বড় ব্যর্থতা ছিল পুলিশের। বিধাননগর কমিশনারেট থেকে শুরু করে সামগ্রিকভাবে রাজ্য পুলিশের শীর্ষ নেতৃত্ব—কেউই দায় এড়াতে পারেন না। আরও বিতর্ক তৈরি হয়েছে এই অভিযোগে যে, ঘটনার দিন ডিজি রাজীব কুমার ছিলেন সিভিল ড্রেসে। অবসরপ্রাপ্ত এক আমলার মন্তব্য, “এত বড় জনসমাবেশে রাজ্য পুলিশের সর্বোচ্চ কর্তা উর্দিতে থাকবেন না কেন? উর্দিই তো পুলিশের কর্তৃত্ব ও শৃঙ্খলার প্রতীক।”
এই ব্যর্থতার কারণেই মুখ্যমন্ত্রীকে প্রকাশ্যে ক্ষমা চাইতে হয়েছে—যা প্রশাসনিক ও রাজনৈতিক ভাবে সরকারের জন্য অস্বস্তিকর। সেই প্রেক্ষিতেই ডিজিকে শোকজ করা অনিবার্য ছিল বলে মনে করছেন অনেকে। নবান্নের এক সূত্রের দাবি, গত কয়েক মাস ধরেই রাজীব কুমারের সঙ্গে মুখ্যমন্ত্রীর দূরত্ব বাড়ছিল। ডিজি পদের মেয়াদও প্রায় শেষের দিকে। অনুব্রত মণ্ডল কাণ্ডসহ একাধিক বিষয়ে মতান্তরের গুঞ্জনও ছিল প্রশাসনিক মহলে।
এমন পরিস্থিতিতে যুবভারতী কাণ্ড মুখ্যমন্ত্রীকে কঠোর বার্তা দেওয়ার সুযোগ এনে দেয়—এমনটাই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকদের একাংশ। রাজীবকে শোকজ করে মমতা বন্দ্যোপাধ্যায় রাজনৈতিক ভাবে বুঝিয়ে দিলেন, দায়িত্বজ্ঞানহীনতায় রাজ্যের মুখ পুড়লে তিনি কাউকেই রেয়াত করবেন না—তিনি যতই প্রভাবশালী হন না কেন।
তবে প্রশ্ন থেকে যাচ্ছে—কেন এমন ‘জাজমেন্টাল এরর’ হল এই দুঁদে অফিসারের? কলকাতা পুলিশের শৃঙ্খলা, দুর্গাপুজোর নিরাপত্তা বা ট্রাফিক ব্যবস্থাপনায় রাজীব কুমারের দক্ষতা বারবার প্রমাণিত। সম্প্রতি দিঘায় জগন্নাথ মন্দির উদ্বোধনের সময়েও তাঁকে মাঠে নেমে ব্যবস্থাপনায় সক্রিয় থাকতে দেখা গিয়েছে। অনেকের মতে, মেসির উপস্থিতির গুরুত্ব অনুধাবনে গলদ থেকেই এই সমন্বয়ের ঘাটতি।
অন্যদিকে, অরূপ বিশ্বাসের ক্ষেত্রে মুখ্যমন্ত্রীর তুলনামূলক নরম অবস্থানেরও ব্যাখ্যা খুঁজছেন রাজনৈতিক মহল। এক, অরূপ ‘ঘরের ছেলে’—দলীয় ও প্রশাসনিক শৃঙ্খলার বাইরে যাওয়ার সম্ভাবনা কম। দুই, মেসির ইভেন্টের আয়োজক সরাসরি ক্রীড়া দফতর ছিল না। ক্রীড়ামন্ত্রীর ভূমিকা নিয়ে প্রশ্ন থাকলেও, অব্যবস্থার দায় একক ভাবে তাঁর উপর চাপানো যায় না। তাই তাঁকে সম্মানজনক ভাবে পদত্যাগের সুযোগ দেওয়া হয়েছে।
সব মিলিয়ে, যুবভারতী কাণ্ডে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই দ্বিমুখী পদক্ষেপ প্রশাসনিক শুদ্ধতা ও রাজনৈতিক বার্তার এক বিরল সংমিশ্রণ—যা রাজ্য রাজনীতিতে দীর্ঘদিন আলোচিত থাকবে।






