খেলাধুলা

বেকহ্যাম পরিবারের অন্দরে চরম যুদ্ধ! বাবা-মা তো বটেই, ভাইদেরও ভার্চুয়াল দুনিয়া থেকে মুছে দিলেন ব্রুকলিন

ফুটবল কিংবদন্তি ডেভিড বেকহ্যামের সাজানো সংসারে যে ভাঙনের সুর বাজছিল, তা এবার একেবারে প্রকাশ্যে চলে এল। বাবা-ছেলের সম্পর্কের তিক্ততা যে এই পর্যায়ে পৌঁছাতে পারে, তা হয়তো খোদ বেকহ্যাম দম্পতিও কল্পনা করতে পারেননি। সোমবার সকালে ঘুম থেকে উঠে ডেভিড এবং ভিক্টোরিয়া আবিষ্কার করেন যে, তাঁদের বড় ছেলে ব্রুকলিন ইনস্টাগ্রামে নিজের বাবা-মাকেই ব্লক করে দিয়েছেন। শুধু মা-বাবাই নন, নিজের দুই ভাই রোমারিও এবং ক্রুজকেও সোশ্যাল মিডিয়ায় বাতিলের খাতায় ফেলে দিয়েছেন তিনি।

বেকহ্যাম পরিবারের এই অন্দরের কলহ অবশ্য আজকের নয়। গত কয়েক বছর ধরেই ব্রুকলিনের সঙ্গে তাঁর পরিবারের দূরত্ব বাড়ছিল। বিশেষ করে তিন বছর আগে নিকোলা পেলৎজের সঙ্গে বিয়ের পর থেকেই সম্পর্কের সুতোটা আলগা হতে শুরু করে। শোনা যায়, ব্রুকলিন নিজের পারিবারিক পদবি ‘বেকহ্যাম’ বিসর্জন দিয়ে স্ত্রীর পদবি গ্রহণ করতেও কুণ্ঠাবোধ করেননি। তাঁর ঘনিষ্ঠ মহলের দাবি, ব্রুকলিনের মনে হতো বাবার সঙ্গে তাঁর সম্পর্কটা নিখাদ ভালোবাসার চেয়েও অনেক বেশি ব্যবসায়িক। এই মানসিক দূরত্বই শেষ পর্যন্ত দেয়াল হয়ে দাঁড়িয়েছে।
বিগত এক বছরে পরিবারের কোনো আনন্দ-অনুষ্ঠানেই ব্রুকলিনের দেখা মেলেনি। বাবার জীবনের অন্যতম বড় মুহূর্ত নাইটহুড প্রাপ্তি কিংবা তাঁর ৫০তম জন্মদিনের সেলিব্রেশন, সব জায়গাতেই বড় ছেলের অনুপস্থিতি ছিল চোখে পড়ার মতো। এমনকি নিজের বিবাহবার্ষিকীতেও বাড়ির লোকেদের নিমন্ত্রণ করার প্রয়োজন বোধ করেননি তিনি। সামনেই বড়দিন আর নতুন বছরের উৎসব, কিন্তু ব্রুকলিন সাফ জানিয়ে দিয়েছেন তিনি এই সময়টা কাটাবেন স্ত্রী আর শ্বশুরবাড়ির লোকেদের সঙ্গেই।

সোশ্যাল মিডিয়ায় গোটা পরিবারকে ব্লক করে দেওয়ার এই ঘটনা আসলে একটা চরম বার্তার মতো। এর মাধ্যমে ব্রুকলিন বুঝিয়ে দিলেন যে, তিনি আর বেকহ্যাম পরিবারের পরিচিতি বয়ে বেড়াতে চান না। উৎসবের মরশুমে যখন সব পরিবার এক হওয়ার অপেক্ষায় থাকে, তখন ইংল্যান্ডের এই প্রখ্যাত ফুটবলারের পরিবারে এমন ফাটল ভক্তদের মনেও বিষাদের ছায়া ফেলেছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.