শনিবার সাত সকালেই ফের নদীয়ায় এক বিএলওর মৃত্যুর খবর সামনে এসেছে । মৃতা রিংকু তরফদার নিজের আত্মহত্যার কারণ হিসেবে , বিএলও এর কাজের চাপ কেই দায়ী করেছেন । তার লেখা সুইসাইড নোটও পাওয়া গিয়েছে , যেখানে লেখা ছিল , ” আমার স্বামী, ছেলে, মেয়ে কেউ দায়ী নয়। ওরা আমাকে যথেষ্ট যত্নেই রাখে। আমি বাঁচতে চাই। আমার সংসারে কোনও অভাব নেই। আমার এই পরিণতির জন্য নির্বাচন কমিশন দায়ী। আমি কোনও রাজনৈতিক দলকে সমর্থন করি না। খুবই সাধারণ মানুষ। কিন্তু এই অমানুষিক কাজের চাপ আমি নিতে পারছি না। আমি একজন পার্শ্বশিক্ষিকা। বেতন পরিশ্রমের তুলনায় খুবই কম। কিন্তু, এরা আমাকে ছাড় দিল না।”
এবার এই বিষয় নিয়ে সরব রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । সমাজ মাধ্যমের পাতায় তিনি লিখেছেন ,
“এই এসআইআর-র জন্য আর কতজনকে মরতে হবে?” মুখ্যমন্ত্রীর কথায় , “আরও এক বিএলও-র মৃত্যুতে গভীরভাবে মর্মাহত। কৃষ্ণনগরে ওই মহিলা পার্শ্বশিক্ষক এদিন আত্মহত্যা করেছেন। বাড়িতে আত্মহত্যার আগে রিঙ্কু তরফদার নামে ওই বিএলও সুইসাইড নোটে জাতীয় নির্বাচন কমিশনকে দায়ী করেছেন।”
তারপরেই নির্বাচন কমিশনকে নিশানা করে , মুখ্যমন্ত্রীর বক্তব্য , “আর কত প্রাণ ঝরবে? এই এসআইআর-র জন্য আর কতজনকে মরতে হবে? এই প্রক্রিয়ার জন্য আর কত মৃতদেহ আমাদের দেখতে হবে? এটা এখন সত্যিই উদ্বেগজনক!”
তবে এই মৃত্যুকে কেন্দ্র করে , চড়েছে রাজনৈতিক পারদও । এই মৃত্যুর জন্য রাজ্য সরকারের দিকে কটাক্ষের তির ছুঁড়ে দিয়ে গেরুয়া শিবিরের বিধায়ক অগ্নিমিত্রা পাল বলেন , “এসআইআরের কাজের জন্য ডেটা এন্ট্রি অপারেটর নিয়োগের কথা বলেছিল নির্বাচন কমিশন। কিন্তু, মুখ্যমন্ত্রী তা মানেননি। ওই বিএলও-র পরিবার জানিয়েছে, তিনি অনলাইনে কাজ ঠিকমতো করতে পারতেন না। যদি ডেটা এন্ট্রি অপারেটর নিয়োগ করা হত, তাহলে আমরা একজনকে হারাতাম না। এই মৃত্যুর দায় মুখ্যমন্ত্রীর।”







