ময়না (পূর্ব মেদিনীপুর):29.01.26
চারপাশে জল—পুকুর, খাল, নদী। গ্রামবাংলার জীবনে জল যেমন জীবিকার অঙ্গ, তেমনই তা হয়ে উঠছে নীরব মৃত্যুফাঁদ। প্রতিদিনের এই বাস্তবতায় এক মুহূর্তের অসাবধানতাই কেড়ে নিচ্ছে শিশুদের প্রাণ। ময়না ব্লকে জলে ডুবে শিশু মৃত্যুর বাড়বাড়ন্ত নতুন করে ভাবাচ্ছে প্রশাসন ও সমাজকে।
এই পরিস্থিতিতে জলে ডুবে মৃত্যু প্রতিরোধ এবং জনসচেতনতা বাড়াতে সিনি, দ্য জর্জ ইনস্টিটিউট এবং ময়না পঞ্চায়েত সমিতির যৌথ উদ্যোগে গত ২৯ জানুয়ারি ময়না ব্লক কনফারেন্স হলে একটি গুরুত্বপূর্ণ বৈঠকের আয়োজন করা হয়।
সাম্প্রতিককালে রাজ্যজুড়ে চাইল্ড ইন নীড ইন্সটিটিউট এবং দ্য জর্জ ইনস্টিটিউট অব গ্লোবাল হেলথের যৌথ সমীক্ষায় উঠে এসেছে উদ্বেগজনক তথ্য। সমীক্ষা অনুযায়ী, রাজ্যে প্রতিদিন গড়ে প্রায় ২৫ জনের জলে ডুবে মৃত্যু ঘটে, যার মধ্যে প্রায় ১২ জনই শিশু। শুধু সুন্দরবন অঞ্চলই নয়, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং দক্ষিণ দিনাজপুর জেলাতেও শিশু ডুবে মৃত্যুর হার বিশেষভাবে চিন্তার কারণ হয়ে উঠেছে।
প্রশাসন সূত্রে জানা যায়, ইতিমধ্যেই দক্ষিণ ২৪ পরগনা ও দক্ষিণ দিনাজপুরে ‘সিনি মেথড’-এর মাধ্যমে জলে ডুবে মৃত্যু প্রতিরোধ এবং শিশু-বান্ধব সমাজ গঠনের কাজ শুরু হয়েছে। সেই অভিজ্ঞতার ভিত্তিতেই এবার পূর্ব মেদিনীপুরের ময়না ব্লকেও ধাপে ধাপে সচেতনতা গড়ে তুলে প্রতিরোধমূলক কর্মসূচি বাস্তবায়নের পরিকল্পনা নেওয়া হয়েছে।
এই বৈঠকে উপস্থিত ছিলেন ব্লক ডেভেলপমেন্ট অফিসার শ্রী জগন্নাথ বিশ্বাস, ময়না পঞ্চায়েত সমিতির সভাপতি শেখ শাহজাহান আলী, সহকারী সভাপতি শ্রী রঞ্জিত কুমার বল, এডিএ শ্রী আনন্দ শঙ্কর সিনহা, ময়না থানার ভারপ্রাপ্ত আধিকারিক, ব্লক স্বাস্থ্য আধিকারিক ড. দেবরাজ দাস, শ্রীমতি অভয়া দাস (কর্মাধ্যক্ষ, জেলা পরিষদ) এবং ব্লকের অন্তর্গত সমস্ত গ্রাম পঞ্চায়েতের প্রধানরা। সিনি-র পক্ষ থেকে উপস্থিত ছিলেন ন্যাশনাল অ্যাডভোকেসি অফিসার শ্রী সুজয় রায়, সংস্থার ইনজুরি প্রিভেনশন টিমের সদস্যরা এবং দ্য জর্জ ইনস্টিটিউটের প্রতিনিধিরা।
অনুষ্ঠানের সূচনা হয় বিশিষ্ট অতিথিদের সম্বর্ধনা ও বক্তব্যের মাধ্যমে। মূল আকর্ষণ ছিল ব্লকের শিশুদের অংশগ্রহণে একটি সচেতনতামূলক পথনাটিকা, যেখানে জলে ডুবে মৃত্যুর ভয়াবহ সামাজিক চিত্র তুলে ধরা হয়। পাশাপাশি রাজ্যভিত্তিক সমীক্ষার ফলাফল পর্যালোচনা করে পূর্ব মেদিনীপুরের বর্তমান পরিস্থিতির গুরুত্ব তুলে ধরা হয় এবং আগামী দিনে প্রশাসনিক ও সামাজিক স্তরে কী কী পদক্ষেপ নেওয়া জরুরি, তা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
আলোচনায় অংশ নিয়ে ব্লক ডেভেলপমেন্ট অফিসার শ্রী জগন্নাথ বিশ্বাস সমীক্ষার তথ্য উল্লেখ করে গভীর উদ্বেগ প্রকাশ করেন। তাঁর বক্তব্যের রেশ ধরে পঞ্চায়েত সমিতির সভাপতি শেখ শাহজাহান আলী বলেন, সমাজ ও প্রশাসন একসঙ্গে কাজ না করলে এই বিপদ রোখা সম্ভব নয়। সিনি-র এই উদ্যোগ প্রসঙ্গে শ্রী সুজয় রায় বলেন, কুসংস্কারমুক্ত সমাজ ও সচেতনতার মাধ্যমেই প্রতিটি শিশুর নিরাপদ শৈশব নিশ্চিত করা সম্ভব।
শিশুদের প্রাণহানির এই নীরব সঙ্কট রুখতে প্রশাসন ও সমাজের যৌথ প্রয়াসই যে ভবিষ্যতের পথ দেখাতে পারে—এমনটাই আশা সংশ্লিষ্ট মহলের।







