লা লিগায় শিরোপা দৌড় আরও তীব্র হল। রবিবার নিজেদের ম্যাচ জিতলেও পয়েন্ট তালিকায় কোনও পরিবর্তন হয়নি। ২২ ম্যাচ শেষে এক পয়েন্টের ব্যবধানে শীর্ষে বার্সেলোনা, ঠিক পিছনেই রিয়াল মাদ্রিদ।
স্পেনের লিগ ফুটবলে জমে উঠেছে শিরোপা যুদ্ধ। একে অপরকে একচুলও জমি ছাড়তে রাজি নয় বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদ। রবিবার দু’দলই জয় পেলেও পয়েন্ট তালিকার অবস্থান অপরিবর্তিত রইল।
এলশের বিরুদ্ধে অ্যাওয়ে ম্যাচে ৩-১ গোলে জয় পেল বার্সেলোনা। তবে স্কোরলাইনের থেকেও অনেক বেশি প্রভাবশালী ছিল হান্সি ফ্লিকের দলের পারফরম্যান্স। শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে বার্সা। ম্যাচের ষষ্ঠ মিনিটেই দলকে এগিয়ে দেন লামিন ইয়ামাল। এরপর একের পর এক সুযোগ তৈরি করলেও গোলের সংখ্যা বাড়াতে পারেনি তারা।
খেলার গতির বিপরীতে ২৯ মিনিটে এলশের হয়ে সমতা ফেরান আলভারো রদ্রিগেজ়। তবে তাতে দমে যায়নি বার্সা। ৪০ মিনিটে ফেরান টোরেস গোল করে আবার এগিয়ে দেন দলকে। দ্বিতীয়ার্ধে ৭২ মিনিটে মার্কাস র্যাশফোর্ড গোল করে জয় নিশ্চিত করেন।
গোটা ম্যাচে বার্সেলোনা গোল লক্ষ্য করে ২৮টি শট নেয়, যার মধ্যে ১০টি ছিল অন টার্গেট। ৬২ শতাংশ বলের দখল থাকলেও সুযোগ নষ্ট করার প্রবণতা ফ্লিকের চিন্তার কারণ হয়ে থাকছে।
অন্যদিকে, রায়ো ভালেকানোর বিরুদ্ধে রীতিমতো লড়াই করে জয় ছিনিয়ে নেয় রিয়াল মাদ্রিদ। ১৫ মিনিটে ভিনিসিয়াস জুনিয়রের গোলে এগিয়ে যায় রিয়াল। তবে এরপর দীর্ঘ সময় আর গোলের দেখা পায়নি তারা। মাঝপথে হ্যামস্ট্রিং চোটে মাঠ ছাড়তে হয় জুড বেলিংহ্যামকে।
দ্বিতীয়ার্ধে ৪৯ মিনিটে জর্জে ডি ফ্রুটোস ভালেকানোর হয়ে সমতা ফেরান। এরপর একের পর এক আক্রমণ করলেও গোলের মুখ খুলছিল না কিলিয়ান এমবাপেদের। ম্যাচের শেষ দিকে নাটকীয় মোড় নেয় খেলা। ৮০ মিনিটে পাথে সিস এবং সংযুক্তি সময়ে পেপ শাভেরিয়া লাল কার্ড দেখায় ৯ জনে নেমে যায় ভালেকানো। শেষ মুহূর্তে পেনাল্টি পায় রিয়াল। ঠান্ডা মাথায় গোল করে দলকে জেতান এমবাপে।
২২ ম্যাচ শেষে ৫৫ পয়েন্ট নিয়ে লা লিগার শীর্ষে বার্সেলোনা, এক পয়েন্ট কম নিয়ে দ্বিতীয় স্থানে রিয়াল মাদ্রিদ। ৪৫ পয়েন্ট নিয়ে অনেকটাই পিছিয়ে তৃতীয় স্থানে রয়েছে আতলেতিকো মাদ্রিদ। সব মিলিয়ে স্পষ্ট, শিরোপা লড়াই এখন কার্যত বার্সা ও রিয়ালের মধ্যেই সীমাবদ্ধ। আগামী ১৬ ম্যাচেই নির্ধারিত হবে লা লিগার ভাগ্য।







