পূর্ব বর্ধমানের কালনা বিধানসভা কেন্দ্রে প্রার্থী ঘোষণার পর থেকেই তীব্র অশান্তি বিজেপির অন্দরমহলে। ‘বহিরাগত’ ইস্যুকে কেন্দ্র করে দলের কর্মী-সমর্থকদের ক্ষোভ এবার প্রকাশ্যে বিস্ফোরিত হল। রবিবার প্রচারে গিয়ে নিজের দলেরই বিক্ষোভের মুখে পড়লেন বিজেপি প্রার্থী সিদ্ধার্থ মজুমদার।
কালনার সুভাষপল্লি এলাকায় পৌঁছতেই তাঁকে ঘিরে ‘গো ব্যাক’, ‘দূর হঠো’ স্লোগান দিতে শুরু করেন দলের একাংশ কর্মী-সমর্থক। পরিস্থিতি দ্রুত উত্তপ্ত হয়ে উঠলে কোনওরকমে গাড়িতে উঠে এলাকা ছাড়তে বাধ্য হন প্রার্থী। এমনকি তাঁর গাড়ির পিছু নিয়েও স্লোগান দিতে দেখা যায় বিক্ষোভকারীদের।
বিজেপির অন্দরেই এই ক্ষোভ নতুন নয়। প্রার্থী তালিকা ঘোষণার পর থেকেই কালনা সংগঠনের মধ্যে বিভাজন স্পষ্ট হয়ে উঠেছে। স্থানীয় নেতৃত্বের একাংশের অভিযোগ, বহিরাগত প্রার্থী চাপিয়ে দেওয়া হয়েছে, যা কোনওভাবেই মেনে নেওয়া সম্ভব নয়।
এর আগেও এই ইস্যুতে একাধিকবার বিক্ষোভ হয়েছে। কয়েকদিন আগে দলীয় কার্যালয়ে তালা ঝুলিয়ে প্রতিবাদ জানান কর্মী-সমর্থকরা। তারও আগে ‘ভূমিপুত্র’ প্রার্থী করার দাবিতে রাস্তায় টায়ার জ্বালিয়ে অবরোধ করা হয়। বিজেপির নগর মন্ডলের সভানেত্রী থেকে শুরু করে একাধিক মন্ডল সভাপতি প্রকাশ্যেই প্রার্থী বদলের দাবি তোলেন।
জেলা বিজেপি নেতৃত্বের একাংশ এই ঘটনায় কার্যত নীরব। যদিও জেলা কমিটির সদস্য সৌরভ রায় স্পষ্ট জানিয়ে দিয়েছেন, “বহিরাগত প্রার্থীর হয়ে আমরা কেউই ভোট প্রচারে নামব না। কালনার স্থানীয় কোনও কার্যকর্তাকেই প্রার্থী করা হোক—এই দাবি আমরা জানিয়ে দিয়েছি।”
রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, নির্বাচনের আগে এই ধরনের অন্তর্দ্বন্দ্ব বিজেপির সংগঠনকে বড়সড় চ্যালেঞ্জের মুখে ফেলতে পারে। কালনার মতো গুরুত্বপূর্ণ কেন্দ্রে দলের ভিতরেই যদি এই বিভাজন চলতে থাকে, তবে তা ভোটের ফলাফলেও প্রভাব ফেলতে পারে বলেই মনে করা হচ্ছে।







