বিনোদনরাজনীতি

টলিউড থেকে রাজ্যসভা, চমক দিয়ে রাজনৈতিক ইনিংস শুরু কোয়েল মল্লিকের

টলিউড থেকে সরাসরি দেশের উচ্চকক্ষ এমন যাত্রা খুব একটা দেখা যায় না। তাই কোয়েল মল্লিকের রাজনীতিতে আগমন স্বাভাবিকভাবেই তৈরি করেছে চমক। ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের আগে তৃণমূল কংগ্রেস তাঁকে রাজ্যসভার প্রার্থী ঘোষণা করতেই শুরু হয় জোর আলোচনা।

মনোনয়ন জমা দেওয়ার পর দিল্লিতে শপথ গ্রহণের মধ্য দিয়ে সাংসদ হিসেবে আনুষ্ঠানিকভাবে রাজনৈতিক জীবনের সূচনা করলেন কোয়েল। উল্লেখযোগ্য বিষয়, শপথের সময় তিনি নিজের আসল নাম ‘রুক্মিণী মল্লিক’ ব্যবহার করেন, যা আলাদা করে নজর কেড়েছে। বাংলায় শপথ নেওয়ার মুহূর্ত ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। শপথ গ্রহণের দিন লাল পাড় সাদা শাড়িতে তাঁর উপস্থিতি ছিল নজরকাড়া। অনুরাগী থেকে সাধারণ মানুষ সব মহলেই এই নতুন ইনিংস নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। কেউ এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন, আবার কেউ মনে করছেন সময়টা আরও উপযুক্ত হতে পারত।

কিছুদিন আগেই স্বামী নিসপাল সিং রানেকে সঙ্গে নিয়ে মনোনয়ন জমা দেন কোয়েল। সেই সময় তাঁর পাশে ছিলেন মন্ত্রী অরূপ বিশ্বাস। সংবাদমাধ্যমের সামনে তিনি জানান, জীবনের এক নতুন অধ্যায়ে পা রাখছেন তিনি এবং মানুষের সেবার এই সুযোগকে বড় দায়িত্ব হিসেবে দেখছেন। রাজনীতিতে আসার সিদ্ধান্ত নিয়ে কোয়েলের বক্তব্য, বিষয়টি আগে থেকে পরিকল্পিত না হলেও দেশের জন্য কাজ করার সুযোগ তিনি সম্মান হিসেবেই গ্রহণ করেছেন। তাঁর আশা, মানুষের আশীর্বাদ নিয়ে সমাজের কাজে নিজেকে নিয়োজিত করতে পারবেন। এর আগে কখনও সক্রিয় রাজনীতিতে দেখা যায়নি তাঁকে। তাই এই নতুন ভূমিকায় তাঁর সাফল্য নিয়ে ইতিমধ্যেই শুরু হয়েছে জল্পনা। অভিনেত্রী শতাব্দী রায়ও তাঁর প্রতি আস্থা রেখে জানিয়েছেন, নিষ্ঠার সঙ্গে কাজ করলে কোয়েল অবশ্যই সফল হবেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.