কলকাতা

‘আমি কে?’ প্রশ্নের জবাব ‘সতিমন্ত্রী’, তারপরই মিঠুনের গোখরো-গর্জন

রাজ্যে আয়ুষ্মান ভারত কর্মসূচির আনুষ্ঠানিক সূচনা অনুষ্ঠানে মন্ত্রী-প্রশাসনিক আধিকারিকদের উপস্থিতির মাঝেই স্বভাবসিদ্ধ রসিকতায় মঞ্চ মাতালেন অভিনেতা মিঠুন চক্রবর্তী। মঞ্চে বসে নিজেকে নিয়ে মজার ছলে তাঁর মন্তব্য, “এত সব মন্ত্রী আর প্রতিমন্ত্রীর ভিড়ে ভাবছিলাম আমি কে? নিজেকেই প্রশ্ন করলাম। জবাব পেলাম—আমি সতিমন্ত্রী!”

পাশে বসা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে ‘সব থেকে প্রিয় মুখ্যমন্ত্রী’ বলে সম্বোধন করে মিঠুন জানান, বহুদিন ধরেই তিনি আয়ুষ্মান ভারতের স্বাস্থ্যসুরক্ষার বার্তা মানুষের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করেছেন। বিভিন্ন সভায় গিয়ে সাধারণ মানুষকে আয়ুষ্মান কার্ড করানোর পরামর্শ দিয়েছেন বলেও দাবি করেন তিনি।

মিঠুনের কথায়, একসময় অনেকেই তাঁকে বলতেন বাংলায় এই প্রকল্প চালু করা সম্ভব নয়। তবে তিনি তাঁদের রেল ও সামরিক হাসপাতালের মতো বিকল্প পরিষেবা ব্যবহারের পরামর্শ দিতেন। তাঁর দাবি, বহু জায়গায় নিজে উপস্থিত থেকে মানুষকে আয়ুষ্মান কার্ড করিয়েছেন।

তবে অনুষ্ঠানের শেষ মুহূর্তে ফের চমক দেন ‘মহাগুরু’। দর্শকদের উদ্দেশে বলেন, তাঁরা আসলে তাঁর ডায়লগ শোনার অপেক্ষাতেই রয়েছেন। প্রথমে ডায়লগ বলবেন না জানালেও শেষ পর্যন্ত সেই প্রতিশ্রুতি রাখতে পারলেন না।

হাততালির মধ্যেই বাজখাই গলায় মিঠুন বলেন, “আমি জলঢোড়াও নই, বেলেবোড়াও নই… আমি জাত গোখরো! এক ছোবলে ছবি!” তাঁর এই জনপ্রিয় সংলাপে মুহূর্তেই উচ্ছ্বসিত হয়ে ওঠে গোটা সভাগৃহ। হাসি-ঠাট্টা আর রাজনৈতিক বার্তার মিশেলে অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ হয়ে রইল মিঠুনের বক্তব্য।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.