বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ। মামলা দায়েরের পর মহিলা ও তাঁর মা-কে লোক দিয়ে রাস্তায় ঘিরে হুমকি দেওয়ার অভিযোগ। পাশাপাশি সাদা কাগজেও সই করতে জোর করা হয়। আতঙ্কে মহিলা ও তাঁর পরিবার।
অভিযোগকারিণীর দাবি,বছর কয়েক আগে এক যুবকের বিরুদ্ধে মামলা করেছিলেন তিনি।
মামলায় জেলও খাটতে হয় অভিযুক্তকে। অভিযোগ ছিল, সে জেল থেকে বেরোনোর পর থেকেই মামলা তোলার জন্য নানান ভাবে ভয় দেখাতে শুরু করে মহিলাকে।
অভিযোগকারিণী জানায় , চলতি বছর জানুয়ারি মাসে অ্যাসিড হামলার হুমকি দেয় তাঁকে। এরপর লিখিত ভাবে অ্যাসিড হামলার হুমকির অভিযোগ জানায় মহিলা। অন্যদিকে, মহিলা যে স্কুলে শিক্ষকতা করত, সেখানে গিয়ে ওই যুবক ভয় দেখায়। নানা ভাবে অপ্রীতিকর পরিস্থিতির চাপে পড়ে স্কুলের চাকরি ছাড়তে বাধ্য হয় বলেই মহিলার দাবি। ছাড় পাননি তাঁর বৃদ্ধা মা-বাবাও। বাইরে বেরতে ভয় পাচ্ছেন তাঁরা। অভিযোগ, এই পরিস্থিতির মধ্যেই সোমবার সন্ধ্যায় কয়েকজন অজ্ঞাতপরিচয় কয়েকজন যুবক তাঁদের উপর চড়াও হয়। আর ভিডিয়ো কলের মাধ্যমে ওই সকল যুবকদের এই সব করার নির্দেশ দেন অভিযুক্ত।
পুলিশ জানায় , সোমবার সন্ধ্যার ঘটনার পরিপ্রেক্ষিতে মহিলার তরফে অভিযোগ জমা পড়ে। গোটা বিষয় খতিয়ে দেখছে পুলিশ।
ওই মহিলা জানায়, “আমি ও আমার মা সান্ধ্য ভ্রমণে বের হই। আমরা যখন হাঁটছি সেই সময় অচেনা এক ছেলে এগিয়ে এসে বলে এই খালি কাগজে সই করে দিতে। আমরা প্রতিবাদ করি। বলছে তাড়াতাড়ি সাইন কর। আমি বলি এমন জোর করলে আমরা লোকজন ডাকতে বাধ্য হব। তারপর দেখি আরও তিনজন ছেলে এগিয়ে আসে। ওরা আমার মায়ের হাত-মুখ চেপে ধরে। আমারও হাত-মুখ চেপে ধরে। তারপরও জোর করে আমার হাতে পেন ধরিয়ে দেওয়া হয়। তারপরও যখন আমি সই করছিলাম না আমার ডানদিকের থাইয়ে সিগারেটের ছ্যাঁকা দেওয়া হয়। আর যে ব্যক্তির বিরুদ্ধে আমি আজ থেকে প্রায় ছ-সাত বছর আগে মামলা করেছি ওই ব্যক্তি ভিডিয়ো কলে নির্দেশ দিচ্ছিল এই সব করার।”







