জেলা

কেন্দ্রীয় বরাদ্দের অভাবে থমকে ৮০০ কোটির আর্সেনিকমুক্ত জলপ্রকল্প, মানিকচকে কংগ্রেসের বিক্ষোভ ও ডেপুটেশন

মালদহ: কেন্দ্রীয় বরাদ্দ না মেলায় মানিকচকে প্রায় ৮০০ কোটি টাকার আর্সেনিকমুক্ত পানীয় জলপ্রকল্পের কাজ কার্যত বন্ধ হয়ে রয়েছে বলে অভিযোগ তুলে বিক্ষোভ ও ডেপুটেশন কর্মসূচি পালন করল জেলা কংগ্রেস নেতৃত্ব। বৃহস্পতিবার শেখপুরা মোড়ে একটি প্রতিবাদ সভার আয়োজন করা হয়। পরে সেখান থেকে মিছিল করে মথুরাপুরের কামালপুরে নির্মীয়মাণ আর্সেনিকমুক্ত জলাধার প্রকল্প পরিদর্শন করেন কংগ্রেস নেতারা।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন দক্ষিণ মালদহের কংগ্রেস সাংসদ ইসা খান চৌধুরী, প্রাক্তন বিধায়ক ভূপেন্দ্রনাথ হালদার, মানিকচক ব্লক কংগ্রেস সভাপতি মতিউর রহমান, সহ-সভাপতি মোয়াজ্জেম হোসেন, প্রসেনজিৎ দাস-সহ জেলার একাধিক নেতা।

প্রকল্প পরিদর্শনের পর সাংসদ ইসা খান চৌধুরী অভিযোগ করেন, জলশক্তি মন্ত্রকের অধীনে এই প্রকল্পে মোট প্রায় ৮০০ কোটি টাকা ব্যয়ের কথা। এর মধ্যে ৫০ শতাংশ অর্থ কেন্দ্র এবং বাকি ৫০ শতাংশ রাজ্য সরকারের দেওয়ার কথা থাকলেও কেন্দ্র এখনও প্রয়োজনীয় বরাদ্দ দেয়নি। তাঁর দাবি, পর্যাপ্ত তহবিলের অভাবের কথা কেন্দ্র নিজেই স্বীকার করেছে। বিষয়টি তিনি লোকসভাতেও উত্থাপন করেছেন এবং দ্রুত বরাদ্দ দিয়ে কাজ শুরু করার দাবি জানিয়েছেন।

সাংসদের দাবি, প্রকল্পটি সম্পূর্ণ হলে মানিকচক-সহ বিস্তীর্ণ এলাকার প্রায় ২৭ লক্ষ মানুষ নিরাপদ ও আর্সেনিকমুক্ত পানীয় জল পাবেন। একই সঙ্গে তিনি মুখ্যমন্ত্রীর কাছেও বিষয়টি গুরুত্ব সহকারে দেখার আবেদন জানান, যাতে দ্রুত প্রকল্পের কাজ শুরু করা যায়।

এদিনের সভায় এসআইআর প্রক্রিয়ায় বাদ পড়া ভোটারদের তথ্যও সংগ্রহ করা হয়। তাঁদের হয়ে প্রয়োজন হলে উচ্চ আদালতের দ্বারস্থ হওয়ার আশ্বাস দেন সাংসদ। কর্মসূচির শেষে জেলা জনস্বাস্থ্য কারিগরি (পিএইচই) দপ্তরের অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারের কাছে ডেপুটেশন জমা দেওয়ার কথা জানান কংগ্রেস নেতৃত্ব।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.