ঈশান কিষাণকে নিয়ে অস্বস্তি ছিলই। সঙ্গে যোগ হয়েছিল শ্রেয়স আইয়ারের নামও। ঘরোয়া ক্রিকেট না খেলার সিদ্ধান্ত আইপিএলের জন্য, দুই তারকা ক্রিকেটার ফিট থাকলেও বোর্ডের নির্দেশ অমান্য করেছেন। যার জেরে বোর্ডের চুক্তি থেকে বাদ পড়ার পথে। বোর্ডের এক সূত্রে এমনটাই জানিয়েছেন সর্বভারতীয় সংবাদ মাধ্যম।
ঈশানকে নিয়ে দীর্ঘ সময়ের অস্বস্তি ছিল । শ্রেয়স আইয়ার ফিট থাকলেও ‘মিথ্যে’ বলেছেন বলে গুরুতর অভিযোগ।
দক্ষিণ আফ্রিকা সফরে টেস্টে খেলার কথা ছিল ঈশান কিষাণের। যদিও সিরিজ শুরুর আগে হঠাত্ই স্কোয়াড থেকে নাম তুলে নেন কিপার-ব্যাটার ঈশান কিষাণ। বোর্ডও মঞ্জুর করে দেয় তাঁর ছুটি । প্রত্যাশা ছিল ঈশান কিষাণ ঘরের মাঠে ইংল্যান্ডের বিরুদ্ধে দলে ফিরবেন । তাঁকে বোর্ডের তরফে নির্দেশ দেওয়া হয় রঞ্জি ট্রফিতে খেলার জন্য। যদিও বোর্ডের নির্দেশ বারবার অমান্য করেন ঈশান। তাঁর কোনও হদিশই মিলছিল না। পরবর্তীতে দেখা যায় আইপিএলের প্রস্তুতি সারছেন। অন্য দিকে, জাতীয় দল থেকে চোটের কারণে বাদ পড়লেও দ্রুতই সুস্থ হয়ে ওঠেন শ্রেয়স আইয়ার। যদিও তিনি মুম্বই ক্রিকেট সংস্থাকে জানান, ফিট নন! মুম্বই রঞ্জি কোয়ার্টার ফাইনালে খেলছে। শ্রেয়স আগেই সরে দাঁড়িয়েছিলেন।
ভারতীয় ক্রিকেট বোর্ড জানিয়েছে এই দুই ‘অবাধ্য’ ক্রিকেটারের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিতে চলেছে । বোর্ডের এক সূত্র বলেছেন, ‘নির্বাচকরা দ্রুতই কেন্দ্রীয় চুক্তির তালিকা ফাইনাল করবে। এরপরই বোর্ডের তরফে তা ঘোষণা হবে। ঈশান, শ্রেয়স চুক্তি থেকে বাদ পড়তে চলেছেন। এই দুইজনই ঘরোয়া ক্রিকেটে খেলেননি বিসিসিআই এর নির্দেশ অমান্য করে ।’
গত ২২ মার্চ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ শুরু হচ্ছে । তারই প্রস্তুতি সারছেন ঈশান কিষাণ। সূত্রের খবর, গত বারের মতো যাতে আইপিএল মিস না হয় সে কারণেই জাতীয় দলে থাকাকালীন চোটের কথা বলে সরে দাঁড়িয়েছিলেন শ্রেয়স আইয়ারও। ঝুঁকি না নেওয়ার জন্য তাঁর এমন সিদ্ধান্ত । দ্রুতই ফিট হয়ে উঠেছিলেন । সুস্থ থাকা সত্ত্বেও রঞ্জি কোয়ার্টার খেলছেন না। এই ঘটনার জন্য বিসিসিআই ভীষণ ক্ষুব্ধ ।







