কলকাতার নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরের চত্বরে অবস্থিত ঐতিহাসিক বাঁকড়া মসজিদকে ঘিরে নতুন করে রাজনৈতিক ও প্রশাসনিক বিতর্কের সূত্রপাত হয়েছে। বিমানবন্দরের ৭ নম্বর গেট দিয়ে মসজিদে প্রবেশের পথ নিরাপত্তাজনিত কারণে সাময়িকভাবে বন্ধ করে দেওয়ায় ক্ষোভ প্রকাশ করেছে মসজিদ কর্তৃপক্ষ। এরই প্রতিবাদে রাস্তায় বসে নামাজ আদায়ের কর্মসূচির ডাক দিয়েছেন প্রাক্তন তৃণমূল বিধায়ক ও বাঁকড়া মসজিদ কমিটির সভাপতি সিদ্দিকুল্লা চৌধুরী।
মসজিদ কমিটির অভিযোগ, দীর্ঘদিন ধরে নির্দিষ্ট প্রবেশপথ ব্যবহার করে মুসল্লিরা মসজিদে যাতায়াত করলেও সম্প্রতি সেই সুযোগ বন্ধ করে দেওয়া হয়েছে। তাঁদের দাবি, বিষয়টি পুনর্বিবেচনার জন্য বিমানবন্দর কর্তৃপক্ষের কাছে আবারও আবেদন জানানো হবে। একই সঙ্গে সিদ্দিকুল্লা চৌধুরী সতর্ক করে বলেন, ধর্মীয় উপাসনায় বাধা দেওয়া হলে বৃহত্তর আন্দোলনের পথে হাঁটতে বাধ্য হবেন তাঁরা।
অন্যদিকে, রাজ্য সরকার এই সিদ্ধান্তকে সম্পূর্ণ নিরাপত্তাজনিত বলে ব্যাখ্যা করেছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর বক্তব্য, আন্তর্জাতিক বিমানবন্দরের নিরাপত্তা এবং জাতীয় স্বার্থ সর্বাগ্রে। তাঁর দাবি, কারও ধর্মীয় অধিকার খর্ব করা হয়নি, তবে সংবেদনশীল এলাকায় নিরাপত্তা বিধি কঠোরভাবে মেনে চলতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
ঘটনায় রাজনৈতিক চাপানউতোরও শুরু হয়েছে। দমদম উত্তরের বিজেপি বিধায়ক সৌরভ শিকদার সিদ্দিকুল্লা চৌধুরীর আন্দোলনের ঘোষণার সমালোচনা করে সাধারণ মানুষকে আইন নিজের হাতে না নেওয়ার আহ্বান জানিয়েছেন।
এদিকে, কলকাতা বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, শুধুমাত্র নিরাপত্তার স্বার্থেই ৭ নম্বর গেট আপাতত বন্ধ রাখা হয়েছে। ভবিষ্যতে পরিস্থিতি পর্যালোচনা করে প্রয়োজনীয় সিদ্ধান্ত নেওয়া হবে বলে প্রশাসনিক সূত্রে ইঙ্গিত মিলেছে।
বিমানবন্দরের মতো অতিসংবেদনশীল এলাকায় নিরাপত্তা ও ধর্মীয় অধিকার—এই দুই বিষয়কে কেন্দ্র করে তৈরি হওয়া এই বিতর্ক আগামী দিনে কোন দিকে মোড় নেয়, সেদিকেই নজর রাজনৈতিক মহল থেকে সাধারণ মানুষের।







