তোমার মহিমা অবিচল তব,
বিদায়ী কি বা আবাহন।
জনমে-মরনে-পূজায়- প্রেমে,
তোমাকেই প্রয়োজন।।
সারাদিন ধরি, ভেবে ভেবে মরি।
রহস্য নয় তো ভেদ্য…
যুগে যুগে তুমি ভালো থেকো ফুল,
এ আমার নৈবেদ্য
শীত মানেই বাহারী ফুলের শতেক বাহার। প্রকৃতির অপরুপ সজ্জায় সেজে ওঠে দিগন্ত বিস্তৃত মাঠ। ফুল ভালোবাসে না, এমন মানুষ এই পৃথিবীতে নাই বললেই চলে। বেশ কয়েক বছর আগে থেকে ফুলের চাষ হলেও তা ছিলো মানুষের অজানা। বছর তিন এক আগে প্রচারের আলোয় আসায় শীতের মরসুমে, প্রকৃতির অপরুপ রুপে বাহারী ফুলের মিষ্টি ঘ্রান নিতে প্রতিদিন ভীড় হয় প্রায় লক্ষ লক্ষ মানুষ। বর্তমানে ফুলের উপত্যকা নামেই পরিচিত পাঁশকুড়ার ক্ষীরাই এর দোকান্ডা গ্রাম।
হাওড়া থেকে মেদিনীপুর গামী ট্রেনে পূর্বমেদিনীপুরের পাঁশকুড়া ষ্টেশানের পরেই ক্ষীরাই ষ্টেশন সংলগ্ন এই ফুলের উপত্যকা। ট্রেন থেকে সহজেই দেখা যায় চাষীদের চাষ করা এই বাহারী ফুলের নজরকাড়া সৌন্দর্য।
ট্রেনের কু-ঝিক-ঝিক শব্দের সাথে শীতের মরশুমে এই ফুলের চাষকে কেন্দ্র করে বসে মেলা। থাকে নানান খাওয়ার ষ্টল। ভীড় সামাল দিতে হিমশীম খেতে হয় প্রশাসন থেকে স্বেচ্ছাসেবকদের।
ফুলচাষীরা নিজেদের হাতে ফুল তুলে তৈরী করছে মেয়েদের হেয়ারব্যান্ড থেকে নানান রুপসজ্জার জিনিস। বিক্রি করছে ফুল দিয়ে বাড়ী সাজানোর নানান রকমারী জিনিস।
এককথায় সাম্প্রতিক সময়ে পূর্বমেদিনীপুরের একটি অতি জনসমাগম পূর্ন পর্যটক ক্ষেত্র হিসেবে নাম অর্জন করেছে এই ক্ষীরাই এর ফুলের উপত্যকা।
শুধুমাত্র জেলার মানুষ নয়, হাওড়া কলকাতা নানান দূরদূরান্ত থেকে ফুলপ্রেমী মানুষজন ডেস্টিটেশানের জন্য প্রথমেই বেছে নিয়ে চলে আসছে ক্ষীরাই এর ফুলের উপত্যকায়। ডিজিটাল মিডিয়ায় দৌলতে অনেক বিদেশীরাও ভীড় করে এখানে নিজের চোখে একটি বারের জন্য দেখতে এই অপরুপ রুপ।
যদিও এবছর বন্যার কারনে ফুল ফুটতে দেরী হচ্ছে। সব ফুল এখনো ফুটে নি। তাতে কি? ২৫ শে ডিসেম্বরের আগে থেকেই কাতারে কাতারে মানুষ ভীড় করছে এখানে। এই ভীড় চলবে সরস্বতী পূজো পর্যন্ত।
এত পর্যটকদের আনাগোনার মাঝেও যারা ফুল চাষ করছেন তাদের মনে একটুও হাসি নাই, ফুলচাষীরা জানায় ফুল দেখতে এসে নষ্ট করে অনেক। বাগানের ধারের ফুল গুলিকে ছিঁড়ে নিয়ে চলে যায়। এই আক্ষেপের সুর অনেক ফুল চাষীর।







