কলকাতাজেলা

দমদমের সাঁপুই পাড়ায় আতঙ্ক: এসআইআর ঘোষণার পর রাতারাতি ফাঁকা কলোনি, উধাও একাধিক পরিবার

দমদম: বিশেষ নিবিড় সংশোধন (SIR) প্রক্রিয়া ঘোষণার পর থেকেই রাজ্যের বিভিন্ন প্রান্তে আতঙ্কের ছবি ধরা পড়ছে। এবার সেই আতঙ্কের ছায়া পড়ল দমদমের সাঁপুই পাড়ায়। স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে এখানে বসবাসকারী বহু পরিবার হঠাৎই রাতারাতি এলাকা ছেড়ে পালিয়ে গিয়েছেন। অভিযোগ, এসআইআর ঘোষণার পর থেকেই আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায়।

দমদমের সাঁপুই পাড়া কলোনিতে প্রায় ৭০টিরও বেশি ঘর। সেখানে কয়েকশো মানুষের বসবাস। স্থানীয়দের দাবি, অন্তত ১০টি ঘরের বাসিন্দারা গত কয়েকদিনের মধ্যেই বাড়িঘর ফাঁকা করে চলে গিয়েছেন। কারও কারও দাবি, রাত নামতেই ঘর বন্ধ রেখে পালিয়েছেন তাঁরা। কোথায় গিয়েছেন, তা কেউ বলতে পারছেন না।

স্থানীয় বাসিন্দা রেশমা বিবি জানিয়েছেন, “এসআইআর ঘোষণা হতেই ভয় ছড়িয়ে পড়ে। কেউ কেউ বলছিল দেশ ছেড়ে যেতে হবে। এরপর থেকেই আতঙ্কে ছিল সবাই। এখন দেখি, ১০টা ঘর একেবারে ফাঁকা। কেউ থাকত ৫ বছর, কেউ ১০ বছর, কেউবা ২০ বছর ধরে।”

নির্বাচন কমিশনের নির্দেশে গত মাসের শেষে বাংলা-সহ একাধিক রাজ্যে শুরু হয়েছে এসআইআর প্রক্রিয়া। এনুমারেশন ফর্ম নিয়ে বাড়ি বাড়ি যাচ্ছেন বিএলওরা। ভোটার তালিকা খতিয়ে দেখা, নাম যাচাই, ঠিকানা সংশোধন—এই পুরো প্রক্রিয়া নিয়েই আতঙ্ক তৈরি হয়েছে বহু অঞ্চলে।

তৃণমূল কংগ্রেস এর আগে অভিযোগ করেছে, এসআইআর প্রক্রিয়াকে ঘিরে সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি ও ভয় তৈরি হচ্ছে। বৈধ ভোটারের নাম তালিকা থেকে বাদ যেতে পারে—এই আশঙ্কাই নাকি মূল আতঙ্কের কারণ।

রাজনৈতিক মহল মনে করছে, আসন্ন ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের আগে ভোটার তালিকা সংশোধনের এই প্রক্রিয়া নিয়ে মানুষের এমন ভয় রাজ্যে নতুন এক রাজনৈতিক অস্থিরতা তৈরি করতে পারে। দমদমের সাঁপুই পাড়ার এই ঘটনা তাই প্রশাসন ও কমিশন—দু’পক্ষের কাছেই বড় বার্তা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.