ভারতের মাটিতে প্রথমবার খেলতে নামতে চলেছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। অক্টোবরে যুবভারতী ক্রীড়াঙ্গনে অনুষ্ঠিত হতে চলা এই বহুল প্রতীক্ষিত ম্যাচকে ঘিরে ইতিমধ্যেই উৎসাহ তুঙ্গে। ম্যাচের আয়োজন যাতে নির্বিঘ্নে সম্পন্ন হয়, তা নিশ্চিত করতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নিজে বৈঠক করেছেন সংশ্লিষ্টদের সঙ্গে। অন্যদিকে, ব্রাজিল দলও ভারত সফরের প্রস্তুতি শুরু করেছে বলে জানা যাচ্ছে। প্রায় ৯০ সদস্যের প্রতিনিধি দল নিয়ে তারা ভারতে আসতে পারে।
দুর্গাপুজোর আগে অনুষ্ঠিত হতে চলা এই ঐতিহাসিক প্রীতি ম্যাচকে কেন্দ্র করে বিশেষ পরিকল্পনা নিয়েছে আয়োজকরা। এআইএফএফ সভাপতি কল্যাণ চৌবের সঙ্গে বৈঠকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং রাজ্যের ক্রীড়ামন্ত্রী ইন্দ্রনীল খাঁ স্পষ্ট জানিয়েছেন, এই ম্যাচ আয়োজনের ক্ষেত্রে পশ্চিমবঙ্গ সরকার সব ধরনের সহযোগিতা করবে। ফেডারেশনের প্রয়োজনীয় বিষয়গুলির দিকে নজর রাখার দায়িত্বও ক্রীড়ামন্ত্রীকে দেওয়া হয়েছে। পাশাপাশি, প্রয়োজন হলে কেন্দ্র সরকারের সঙ্গেও সমন্বয় করার আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী। সংশ্লিষ্ট সমস্ত দপ্তরকে আয়োজন সফল করতে একযোগে কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে।
সূত্রের খবর, ব্রাজিল ফুটবল ফেডারেশন ইতিমধ্যেই এআইএফএফকে জানিয়েছে, প্রায় ৯০ জনের থাকার ও অন্যান্য ব্যবস্থার প্রস্তুতি রাখতে। যদিও এটি একটি প্রীতি ম্যাচ, তবুও ফিফা র্যাঙ্কিংয়ের পয়েন্ট এবং খেলোয়াড়দের আন্তর্জাতিক পরিসংখ্যানের জন্য ম্যাচটির যথেষ্ট গুরুত্ব রয়েছে। সেই কারণে শক্তিশালী দল নিয়েই ভারতে আসতে পারে ব্রাজিল। সদ্য বিশ্বকাপে অংশ নেওয়া একাধিক তারকাকে মাঠে দেখা যাওয়ার সম্ভাবনা রয়েছে। তবে ভিনিসিয়াস জুনিয়র এই সফরের দলে থাকবেন কি না, তা এখনও নিশ্চিত নয়।
জানা গেছে, সম্ভাব্য ৯০ সদস্যের প্রতিনিধি দলে প্রায় ৩২ জন ফুটবলার থাকতে পারেন। বাকিদের মধ্যে থাকবেন সহকারী কোচ, টেকনিক্যাল স্টাফ, ভিডিও অ্যানালিস্ট, চিকিৎসক এবং ব্রাজিল ফুটবল ফেডারেশনের কয়েকজন কর্মকর্তা। অর্থাৎ, পূর্ণাঙ্গ দল নিয়েই ভারত সফরে আসছে সেলেসাও। উল্লেখ্য, ভারত সফরের আগে ২৫ সেপ্টেম্বর টাউনসভিলে এবং ২৯ সেপ্টেম্বর ব্রিসবেনে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দুটি প্রীতি ম্যাচ খেলবে ব্রাজিল। সেই সফর শেষ করেই তারা ভারতে পৌঁছবে।







