পাকিস্তানের প্রাক্তন পেস বোলিং কিংবদন্তি ওয়াসিম আক্রমকে নিয়ে ক্রিকেট দুনিয়ায় এখন শোরগোল পড়ে গিয়েছে। কলকাতা নাইট রাইডার্সের হয়ে দীর্ঘ সাত বছর আইপিএলে কোচিং করানো এই তারকা এবার সরাসরি ভারতের লিগকেই কটাক্ষের তীরে বিঁধলেন। আর মজার ব্যাপার হলো, আইপিএল নিয়ে তাঁর এই বিতর্কিত মন্তব্যের পরেই পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) তাঁকে বড় এক উপহার দিল। আসন্ন পাকিস্তান সুপার লিগের (পিএসএল) ব্র্যান্ড অ্যাম্বাসাডর হিসেবে ঘোষণা করা হয়েছে আক্রমের নাম।
ঘটনাটি ঠিক কী? সম্প্রতি লন্ডনে পিএসএল-এর একটি অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন আক্রম। সেখানে তিনি পিএসএল-এর গুণগান গাইতে গিয়ে পরোক্ষভাবে আইপিএলকে আক্রমণ করেন। আক্রম বলেন, “পিএসএল-এর সবথেকে ভালো দিক হলো এর সময়সীমা। মাত্র ৩৪ দিনের মধ্যে এটা শেষ হয়ে যায়। অন্য দেশের লিগের মতো নয়, যেখানে খেলা শুরু হলে মাসের পর মাস চলতেই থাকে। বাচ্চা বড় হয়ে যায়, কিন্তু লিগ আর শেষ হয় না।” যদিও তিনি সরাসরি আইপিএলের নাম নেননি, তবে ক্রিকেট ভক্তদের বুঝতে বাকি নেই যে তিনি ভারতীয় লিগকেই নিশানায় রেখেছেন। কারণ গোটা বিশ্বে আইপিএলই সবথেকে বেশি সময় ধরে চলে। একসময় কলকাতা নাইট রাইডার্সের বোলিং কোচ হিসেবে ২০১২ ও ২০১৪ সালে আইপিএল জেতাতে বড় ভূমিকা ছিল এই বাঁহাতি পেসারের। কিন্তু ২০১৭ সালের পর তিনি আর ভারতের এই লিগে ফেরেননি। এবার তাঁকে সরাসরি পিএসএল-এর প্রচারের মুখ হিসেবে বেছে নিল মহসিন নকভির বোর্ড। তাঁর প্রধান কাজ হবে বিশ্বের দরবারে পাকিস্তানের এই লিগকে তুলে ধরা।
আক্রোমের এই নতুন দায়িত্ব এবং তাঁর মন্তব্য আরও বেশি গুরুত্ব পাচ্ছে কারণ আগামী বছর একই সময়ে আইপিএল ও পিএসএল আয়োজিত হতে যাচ্ছে। আগামী ২৩ মার্চ থেকে মে মাসের শুরু পর্যন্ত চলবে পিএসএল। অন্যদিকে, ২৬ মার্চ থেকে ৩১ মে পর্যন্ত চলবে আইপিএল। দুই দেশের লিগের এই মুখোমুখি লড়াইয়ের আবহে আক্রমের মতো বড় নামকে ব্র্যান্ড অ্যাম্বাসাডর করা এবং তাঁর আইপিএল বিরোধী মন্তব্য এখন সোশ্যাল মিডিয়ায় বিতর্কের ঝড় তুলেছে।







