কলকাতা

কালীঘাট মন্দিরের নিরাপত্তায় বড় পদক্ষেপ, তৈরি হচ্ছে পৃথক পুলিশ ফাঁড়ি

বদলের বাংলায় কালীঘাট মন্দিরের নিরাপত্তা জোরদারে বড় সিদ্ধান্ত কলকাতা পুলিশের। মন্দির চত্বর ও দর্শনার্থীদের সুরক্ষার কথা মাথায় রেখে এবার তৈরি করা হচ্ছে পৃথক পুলিশ ফাঁড়ি। বৃহস্পতিবার রাতে এই সংক্রান্ত নির্দেশিকা জারি করেন কলকাতার পুলিশ কমিশনার অজয় নন্দা। কলকাতা পুলিশের ইতিহাসে এই প্রথম কোনও ধর্মীয় স্থানের নিরাপত্তার জন্য আলাদা পুলিশ ফাঁড়ি গঠনের সিদ্ধান্ত নেওয়া হল।

কলকাতা পুলিশের তরফে জানানো হয়েছে, দর্শনার্থীদের নিরাপত্তা ও সুবিধা এবং মন্দির চত্বরে আইনশৃঙ্খলা বজায় রাখতেই এই পদক্ষেপ। পাশাপাশি, কালীঘাট মন্দিরকে ঘিরে নাশকতা বা জঙ্গি হামলার আশঙ্কার বিষয়টিও গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। সম্প্রতি রাজ্যে একাধিক বিদেশি জঙ্গির সন্ধান মেলার পর ধর্মীয় স্থানগুলির নিরাপত্তা নিয়েও নতুন করে প্রশ্ন উঠেছে। পাকিস্তান বা বাংলাদেশ থেকে পরিচালিত কোনও জঙ্গি মডিউল বাংলার ধর্মস্থানগুলিকে নিশানা করছে কি না, সেই আশঙ্কাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

পুলিশ কমিশনারের নির্দেশিকায় উল্লেখ করা হয়েছে, অতীতে কালীঘাট মন্দিরকে কেন্দ্র করে একাধিক নিরাপত্তাজনিত ঝুঁকি তৈরি হয়েছিল। সেই কারণেই মন্দিরের জন্য পৃথক পুলিশ ফাঁড়ি তৈরির সিদ্ধান্ত। নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি ভিড় নিয়ন্ত্রণ এবং দর্শনার্থীদের সুবিধার বিষয়টিও দেখবেন ফাঁড়িতে মোতায়েন পুলিশকর্মীরা।

প্রাথমিকভাবে কলকাতা পুলিশ জানিয়েছে, একজন ইন্সপেক্টর পদমর্যাদার আধিকারিকের নেতৃত্বে মোট ২০ জন পুলিশকর্মী থাকবেন এই ফাঁড়িতে। তাঁদের মধ্যে থাকবেন দু’জন সাব-ইন্সপেক্টর ও সার্জেন্ট পদমর্যাদার আধিকারিক। এছাড়াও থাকবেন আট জন কনস্টেবল এবং পাঁচ জন মহিলা কনস্টেবল। কালীঘাট থানার অধীনেই কাজ করবে এই নতুন পুলিশ ফাঁড়ি। গোটা ব্যবস্থার তদারকির দায়িত্বে থাকবেন ডিসি সাউথ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.