বরফে ঢাকা দুর্গম সীমান্ত। তাপমাত্রা নেমে যাচ্ছে হিমাঙ্কের বহু নীচে। এমন পরিস্থিতিতে শত্রুর মোকাবিলার পাশাপাশি সেনার সামনে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায় গাড়ি ও সামরিক যান সচল রাখা। প্রচণ্ড ঠান্ডায় সাধারণ ডিজেল জমাট বেঁধে জ্বালানি সরবরাহে সমস্যা তৈরি করতে পারে। সেই সমস্যার মোকাবিলায় এবার বিশেষ ডিজেল নিয়ে এল ভারত পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেড বা বিপিসিএল।
১৭ আগস্ট মধ্যপ্রদেশের বিনা রিফাইনারি থেকে ‘এক্সট্রিম ওয়েদার গ্রেড’ বা এক্সডব্লিউজি ডিজেলের প্রথম ট্রেন রেক সেনাবাহিনীর নির্দিষ্ট গন্তব্যের উদ্দেশে রওনা দেয়। দেশের উচ্চতম ও তুষারাবৃত সীমান্তে মোতায়েন জওয়ানদের জন্যই তৈরি হয়েছে এই বিশেষ জ্বালানি।
বিপিসিএলের গবেষণা কেন্দ্রে সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি এই ডিজেলের অন্যতম বৈশিষ্ট্য হল, অত্যন্ত কম তাপমাত্রাতেও এটি সহজে জমাট বাঁধবে না। ফলে জ্বালানি ফিল্টার বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা কমবে এবং বরফঠান্ডা পরিবেশেও সেনার যান দ্রুত চালু করা সম্ভব হবে।
শুধু গাড়ি স্টার্ট দেওয়ার সমস্যাই নয়, নতুন এই জ্বালানি ব্যবহারে সামরিক যানবাহনের রক্ষণাবেক্ষণের প্রয়োজনও কমতে পারে। অর্থাৎ প্রতিকূল আবহাওয়ায় সেনার পরিবহণ ব্যবস্থা আরও নির্ভরযোগ্য হয়ে উঠবে।
প্রথম রেক রওনা দেওয়ার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডিরেক্টর জেনারেল অফ সাপ্লাই অ্যান্ড ট্রান্সপোর্ট লেফটেন্যান্ট জেনারেল মুকেশ চড্ডা এবং বিপিসিএলের ডিরেক্টর (মার্কেটিং) শুভঙ্কর সেন-সহ একাধিক শীর্ষ আধিকারিক।
বিপিসিএলের দাবি, দেশীয় প্রযুক্তিতে তৈরি এই বিশেষ ডিজেল শুধু একটি নতুন জ্বালানি নয়, সীমান্তে ভারতের কৌশলগত জ্বালানি নিরাপত্তার ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ পদক্ষেপ। চরম ঠান্ডায় সেনার যানবাহন সচল রাখার পাশাপাশি এর ফলে দুর্গম এলাকায় সেনার লজিস্টিক ব্যবস্থা ও সামরিক প্রস্তুতিও আরও শক্তিশালী হবে।
অর্থাৎ, বরফে যখন তাপমাত্রা নামবে হিমাঙ্কের বহু নীচে, তখনও সীমান্তে থেমে থাকবে না সেনার গাড়ির চাকা—এটাই এই নতুন জ্বালানির সবচেয়ে বড় লক্ষ্য।







