টানা বৃষ্টি এবং নদীর জলস্তর বাড়তে থাকায় পশ্চিম মেদিনীপুরের ঘাটাল ব্লকের বিস্তীর্ণ এলাকায় তৈরি হয়েছে বন্যা পরিস্থিতি। মনসুকা অঞ্চলের পার্বতীচক, প্রসাদচক, ধোসা চাঁদপুর-সহ একাধিক গ্রামে হু হু করে ঢুকছে নদীর জল। ইতিমধ্যেই প্লাবিত এলাকার অধিকাংশ গ্রামীণ রাস্তা চলে গিয়েছে জলের তলায়।
পরিস্থিতি ক্রমশ ভয়াবহ হয়ে ওঠায় কার্যত গৃহবন্দি হয়ে পড়েছেন কয়েক হাজার মানুষ। যোগাযোগের একমাত্র ভরসা এখন ডিঙি ও ছোট নৌকা। কোথাও কোথাও বাড়ির ভিতরেও কোমরসমান জল ঢুকে পড়েছে বলে অভিযোগ। জলমগ্ন হয়েছে চাষের জমি, ক্ষতিগ্রস্ত হচ্ছে কৃষিজ ফসল। একইসঙ্গে খাবার ও পানীয় জলের সংকটও দেখা দিয়েছে বিভিন্ন এলাকায়।
জলবন্দি বাসিন্দাদের অভিযোগ, যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়ায় দৈনন্দিন জীবন কার্যত অচল। অসুস্থ মানুষ, শিশু ও বয়স্কদের নিয়ে বাড়ছে উদ্বেগ। দীর্ঘক্ষণ জলমগ্ন থাকায় আরও বাড়ছে দুর্ভোগের আশঙ্কা।
এই পরিস্থিতিতে দ্রুত ত্রাণসামগ্রী, বিশুদ্ধ পানীয় জল এবং প্রয়োজনীয় প্রশাসনিক সহায়তার দাবি তুলেছেন দুর্গত এলাকার বাসিন্দারা। পরিস্থিতির দিকে নজর রেখে দ্রুত উদ্ধার ও ত্রাণ পরিষেবা পৌঁছনোর অপেক্ষায় জলবন্দি মানুষজন।







