তামিলনাড়ুর সাধারণ মানুষের জন্য বড়সড় জনকল্যাণমূলক ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী জোসেফ বিজয়। বছরে তিনটি করে রান্নার গ্যাসের সিলিন্ডার বিনামূল্যে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে তাঁর সরকার। তবে এই সুবিধা পেতে নির্দিষ্ট কিছু শর্ত পূরণ করতে হবে। সোমবার বিধানসভায় একাধিক জনমুখী প্রকল্পের ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। সেখানেই ‘অন্নপূর্ণানি সুপার সিক্স’ প্রকল্পের আওতায় বিনামূল্যে LPG সিলিন্ডার দেওয়ার কথা জানানো হয়। ২০২৭ সালের পোঙ্গল উৎসব থেকেই এই প্রকল্প চালু হওয়ার সম্ভাবনা রয়েছে।
বিজয়ের ঘোষণা অনুযায়ী, যে সমস্ত পরিবারের বার্ষিক আয় আড়াই লক্ষ টাকার নিচে, তাঁরা বছরে তিনটি LPG সিলিন্ডারের সুবিধা পাবেন। প্রথমে উপভোক্তাদের নিজেদের অর্থে সিলিন্ডার কিনতে হবে। পরে তিনটি সিলিন্ডারের খরচ সরাসরি তাঁদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ফেরত দেওয়া হবে। সরকারি হিসাব অনুযায়ী, প্রায় ১ কোটি ৩০ লক্ষ পরিবার এই প্রকল্পের আওতায় আসতে পারে।
এই প্রকল্প কার্যকর করতে তামিলনাড়ু সরকারের বছরে প্রায় ৪ হাজার কোটি টাকা ব্যয় হতে পারে। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, উপসাগরীয় অঞ্চলের যুদ্ধ পরিস্থিতির জেরে রান্নার গ্যাসের সরবরাহে সমস্যা তৈরি হয়েছে। পাশাপাশি বেড়েছে সিলিন্ডারের দাম। ফলে সাধারণ মানুষের উপর অতিরিক্ত আর্থিক চাপ পড়ছে। সেই চাপ কিছুটা কমাতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
উল্লেখ্য, বিধানসভা নির্বাচনের আগে বিজয়ের দল তামিলাগা ভেট্রি কাজাগমের পক্ষ থেকে বছরে ছ’টি বিনামূল্যে LPG সিলিন্ডার দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। তবে সরকার আপাতত বছরে তিনটি সিলিন্ডারের খরচ বহনের সিদ্ধান্ত নিয়েছে।
শুধু LPG নয়, মহিলাদের জন্য বিনামূল্যে বাস পরিষেবার পরিধিও বাড়ানোর ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। একই সুবিধা দেওয়া হবে রূপান্তরকামীদেরও। ‘ভেট্রি পায়ানাম’ প্রকল্পের আওতায় এতদিন সাধারণ সরকারি বাসে বিনামূল্যে যাতায়াতের সুযোগ থাকলেও এবার এক্সপ্রেস, LSS এবং ডিলাক্স বাসেও এই সুবিধা মিলবে। আন্তঃজেলা সরকারি বাস পরিষেবাতেও বিনামূল্যে যাতায়াত করতে পারবেন মহিলারা।
আগামী ২ অক্টোবর থেকে এই সম্প্রসারিত পরিষেবা চালু করার কথা জানিয়েছেন বিজয়। এর ফলে রাজ্য সরকারের বছরে অতিরিক্ত প্রায় ৬ হাজার কোটি টাকা খরচ হবে বলে অনুমান করা হচ্ছে।







