দীর্ঘদিন ধরেই তাঁকে নিয়ে জল্পনা চলছিল। অবশেষে সেই জল্পনার অবসান ঘটিয়ে ইস্টবেঙ্গল ক্লাবে যোগ দিলেন ক্রোয়েশিয়ার ডিফেন্ডার দিয়েগো জিভুলিচ। ডার্বির পর এক বছরের চুক্তিতে ৩৪ বছর বয়সি এই ফুটবলারকে দলে নিয়েছে লাল-হলুদ। তাঁকে ঘিরে ইতিমধ্যেই সমর্থকদের মধ্যে প্রত্যাশা তৈরি হয়েছে।
জিভুলিচের অন্যতম বড় শক্তি তাঁর ৬ ফুট ১ ইঞ্চি উচ্চতা। শুধু রক্ষণ সামলানো নয়, প্রয়োজনে মাঝমাঠেও গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারেন এই ক্রোট ফুটবলার। কেভিন সিবিয়ের পরিবর্ত হিসেবেই তাঁকে দলে নেওয়া হয়েছে। ১৯৯২ সালে জন্ম জিভুলিচের কাছে ক্রোয়েশিয়া ও ইতালি—দুই দেশেরই নাগরিকত্ব রয়েছে। বয়সভিত্তিক ফুটবলে ক্রোয়েশিয়ার অনূর্ধ্ব-১৮ ও অনূর্ধ্ব-১৯ দলের হয়েও খেলেছেন তিনি।
১৯৯৮ সালে নোভিগ্রাদ ক্লাবের যুব দলে ফুটবল জীবন শুরু করেন জিভুলিচ। ২০১০ সালে শুরু হয় তাঁর সিনিয়র কেরিয়ার। এরপর রিজেকা, পাফোস, ব্রিগেলনিকা স্তিপ-সহ একাধিক ক্লাবে খেলেছেন তিনি। ২০২৬ সালে যোগ দেন ক্রোয়েশিয়ার ক্লাব রুডসে। সেখান থেকেই এবার তাঁর ঠিকানা হল কলকাতার ইস্টবেঙ্গল।
জিভুলিচকে নিয়ে ইস্টবেঙ্গলের বিদেশি ফুটবলারের সংখ্যা দাঁড়াল ছয়ে। মহম্মদ রশিদ, দানি রামিরেজ, ইকোনোমেডিস এবং নাচো ইতিমধ্যেই দলের সঙ্গে রয়েছেন। আরও এক বিদেশি এফিয়ংয়েরও ইস্টবেঙ্গলে যোগ দেওয়ার কথা। তবে ভিসা সংক্রান্ত সমস্যার কারণে এখনও ভারতে আসতে পারেননি তিনি।
অন্যদিকে, ডুরান্ড কাপ জয়ের পর আত্মবিশ্বাসের তুঙ্গে থাকা ইস্টবেঙ্গল ডার্বিতে মোহনবাগানের কাছে ৪-১ গোলে হেরেছে। তার আগে এডমুন্ডের হ্যাটট্রিকে ২২ বছর পর ডুরান্ড কাপের ট্রফি ঘরে তুলেছিল লাল-হলুদ। সেই দলের রক্ষণভাগে এবার জিভুলিচের মতো অভিজ্ঞ ও দীর্ঘদেহী ফুটবলার যোগ হওয়ায় ডিফেন্স আরও শক্তিশালী হবে বলেই মনে করছেন সমর্থকরা।







