জম্মু ও কাশ্মীরের কিশতোয়ারে এক নাবালিকাকে মাসের পর মাস ধর্ষণের অভিযোগ উঠল স্কুলের প্রধান শিক্ষকের বিরুদ্ধে। অভিযোগ, মেয়েটি অন্তঃসত্ত্বা হয়ে পড়ার পর জোর করে তাকে গর্ভপাত করাতেও নিয়ে যাওয়া হয়। সেই প্রক্রিয়ার পরই মৃত্যু হয় ১৪ বছরের ওই কিশোরীর। জনজাতি সম্প্রদায়ের এই নাবালিকার ঘটনায় পুলিশ কেন তফসিলি জনজাতি আইনের সংশ্লিষ্ট ধারা প্রয়োগ করেনি, তা নিয়েও প্রশ্ন উঠেছে। বিষয়টি নিয়ে জম্মু ও কাশ্মীর প্রশাসনকে নোটিস পাঠিয়েছে জাতীয় জনজাতি কমিশন। ঘটনায় ক্ষোভ ছড়িয়েছে উপত্যকা জুড়ে। অভিযুক্তদের কঠোরতম শাস্তি, এমনকি মৃত্যুদণ্ডের দাবিও উঠেছে।
ঘটনাটি কিশতোয়ারের চত্রূ এলাকার। স্থানীয় একটি সরকারি স্কুলের পড়ুয়া ছিল ওই কিশোরী। অভিযোগ, প্রায় ছ’মাস আগে প্রথমবার তার উপর যৌন নির্যাতন চালান স্কুলের প্রধান শিক্ষক খালিদ হুসেন। এরপর দীর্ঘ সময় ধরে তার উপর অত্যাচার চলতে থাকে বলে অভিযোগ। সম্প্রতি জানা যায়, মেয়েটি অন্তঃসত্ত্বা। এরপর প্রধান শিক্ষক তাঁর ভাইয়ের সহায়তায় তাকে গর্ভপাত করানোর জন্য একটি স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যান। সেখানে প্রায় ছ’মাসের গর্ভ নষ্ট করার চেষ্টা চলাকালীন গুরুতর জটিলতা তৈরি হয়। গত বৃহস্পতিবার মৃত্যু হয় কিশোরীর।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, প্রায় দু’সপ্তাহ আগে পেটে তীব্র যন্ত্রণা হওয়ায় মেয়েটিকে স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়েছিল। পরীক্ষার পর জানা যায়, সে অন্তঃসত্ত্বা। এরপর পরিবারের সদস্যদের কাছে পুরো ঘটনা জানায় সে। অভিযোগ, বিষয়টি ধামাচাপা দিতে প্রথমে টাকা দেওয়ার চেষ্টা করা হয় এবং পরিবারকে ভয় দেখানোও হয়।
এরপর বুধবার মেয়েটিকে জোর করে একটি স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয় বলে অভিযোগ। পরে তার বাবা ও কাকা সেখানে পৌঁছলে তাকে অন্য একটি স্বাস্থ্যকেন্দ্রে স্থানান্তর করা হয়। সেখানে অস্ত্রোপচারের মাধ্যমে গর্ভের সন্তান বের করার চেষ্টা করা হয়। কিন্তু এরপরই কিশোরীর শারীরিক অবস্থার দ্রুত অবনতি হতে থাকে। মৃত সন্তান প্রসবের পর পরিস্থিতি আরও সঙ্কটজনক হয়ে ওঠে। হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই মৃত্যু হয় তার।
ঘটনায় অপরাধমূলক ষড়যন্ত্র, ১৬ বছরের কম বয়সি নাবালিকাকে ধর্ষণ, গর্ভপাতের কারণে মৃত্যু, গর্ভস্থ শিশুর মৃত্যুর জন্য দায়ী হওয়া, যৌন নির্যাতন এবং মৃত্যুর জন্য প্ররোচনাসহ একাধিক ধারায় মামলা দায়ের হয়েছে। এর পাশাপাশি POCSO আইনের ধারাও যুক্ত করা হয়েছে। তবে মেয়েটি জনজাতি সম্প্রদায়ের হওয়া সত্ত্বেও কেন তফসিলি জনজাতি সংক্রান্ত আইন প্রয়োগ করা হয়নি, তা নিয়ে প্রশ্ন তুলেছে বিভিন্ন মহল।
এই বিষয়েই জম্মু ও কাশ্মীর প্রশাসনকে নোটিস দিয়েছে জাতীয় জনজাতি কমিশন। মুখ্যসচিব, পুলিশের ডিজি এবং কিশতোয়ারের এসএসপির কাছে জানতে চাওয়া হয়েছে, কেন ঘটনায় জনজাতি সুরক্ষা আইনের সংশ্লিষ্ট ধারা যুক্ত করা হয়নি। ট্রাইবাল গুজ্জর বাকেরওয়াল ওয়েলফেয়ার ফাউন্ডেশনের কবীর আহমেদও একই প্রশ্ন তুলেছেন।
ঘটনায় প্রধান শিক্ষক, গর্ভপাতের প্রক্রিয়ায় সাহায্য করার অভিযোগে তাঁর ভাই-সহ একাধিক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। মেয়েটির মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পরই গ্রামে বিক্ষোভ শুরু হয়। পরে সেই প্রতিবাদ ছড়িয়ে পড়ে বিভিন্ন এলাকায়। স্থানীয়দের একাংশ দোষীদের কঠোরতম শাস্তির দাবি জানিয়েছেন। আন্দোলনকারীদের তরফে সিবিআই তদন্তের দাবিও উঠেছে।







