শিক্ষা

NEET ২০২৬-এর ফল প্রকাশ, উত্তীর্ণ ১১.২১ লক্ষ; পাশের হারে এগিয়ে মেয়েরা

বহু বিতর্ক, প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ এবং পুনরায় পরীক্ষা আয়োজনের পর অবশেষে প্রকাশিত হল NEET-UG ২০২৬-এর ফলাফল। বৃহস্পতিবার রাতে জাতীয় পরীক্ষা সংস্থা (NTA) ফল ঘোষণা করে। সফল পরীক্ষার্থীরা এমবিবিএস, বিডিএস, আয়ুষ-সহ বিভিন্ন স্নাতক স্তরের চিকিৎসা শিক্ষাক্রমে ভর্তির জন্য কাউন্সেলিংয়ে অংশ নিতে পারবেন।

এবার পুনরায় অনুষ্ঠিত পরীক্ষায় প্রায় ২০ লক্ষ পরীক্ষার্থী অংশ নেন। গত ২১ জুন দেশের ৫৫১টি শহরের ৫,৪৪০টি পরীক্ষাকেন্দ্র এবং বিদেশের ১৪টি শহরে মোট ১৩টি ভাষায় পরীক্ষা নেওয়া হয়। ফল প্রকাশের সঙ্গে সঙ্গেই কাউন্সেলিং প্রক্রিয়া শুরুর প্রস্তুতিও শুরু হয়েছে।

NTA-র তথ্য অনুযায়ী, এ বছর মোট ১১.২১ লক্ষ পরীক্ষার্থী উত্তীর্ণ হয়েছেন। পাশের হারে ছেলেদের তুলনায় মেয়েরাই এগিয়ে। মেয়েদের সাফল্যের হার ৫৮.৮ শতাংশ, যেখানে ছেলেদের ক্ষেত্রে তা ৫৫.১ শতাংশ।

মেধাতালিকায় যৌথভাবে শীর্ষে রয়েছেন পঞ্জাবের আরিয়ান গুপ্ত এবং হরিয়ানার পি বনসল। দু’জনেই ৭২০-এর মধ্যে ৭১২ নম্বর পেয়েছেন। এছাড়া ১৯ জন পরীক্ষার্থী ৭০০-এর বেশি, ১,৪৯২ জন ৬৫০ বা তার বেশি, ১০,১৬০ জন ৬০০-এর বেশি এবং ৯০,৭৮০ জন ৫০০-এর বেশি নম্বর অর্জন করেছেন।

রাজ্যভিত্তিক সাফল্যের নিরিখে সবচেয়ে এগিয়ে উত্তরপ্রদেশ, যেখানে প্রায় ১.৭ লক্ষ পরীক্ষার্থী উত্তীর্ণ হয়েছেন। বিভিন্ন কেন্দ্রশাসিত অঞ্চলের মেধাবীদের তালিকাও প্রকাশ করেছে NTA।

সংরক্ষণভিত্তিক পরিসংখ্যানে দেখা যাচ্ছে, জেনারেল বিভাগ থেকে ২.৯১ লক্ষ, OBC-NCL থেকে ৫.১২ লক্ষ, তফসিলি জাতি (SC) থেকে ১.৫৯ লক্ষ, তফসিলি উপজাতি (ST) থেকে ৬৩,৭১৬, Gen-EWS থেকে ৯৫,০২৬, PwBD থেকে ৩,৬৬৬ এবং PwD বিভাগ থেকে ৩০৩ জন পরীক্ষার্থী উত্তীর্ণ হয়েছেন।

ফল প্রকাশের পর এখন পরীক্ষার্থীদের নজর মেডিক্যাল কাউন্সেলিংয়ের দিকে, যার মাধ্যমেই দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি মেডিক্যাল কলেজে ভর্তির প্রক্রিয়া শুরু হবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.