সমস্তিপুর: ট্রলিব্যাগের আড়ালে বিপুল পরিমাণ মদ পাচারের পরিকল্পনা ভেস্তে দিল রেল পুলিশ। দিল্লি থেকে বিহারে মদ নিয়ে যাওয়ার অভিযোগে সমস্তিপুর স্টেশনে এক তরুণী-সহ দু’জনকে গ্রেফতার করেছে RPF। ধৃতদের কাছ থেকে উদ্ধার হয়েছে প্রায় ৭৫ লিটার দামি ব্র্যান্ডের মদ।
রেল পুলিশ সূত্রে খবর, ১২৫৬২ নম্বর স্বতন্ত্রতা সেনানী এক্সপ্রেসে করে বিপুল পরিমাণ মদ বিহারে পাচার করা হচ্ছে বলে আগেই গোপন সূত্রে খবর পেয়েছিল RPF। সেই তথ্যের ভিত্তিতে সমস্তিপুর স্টেশনে নজরদারি বাড়ানো হয়। ট্রেনটি স্টেশনে পৌঁছতেই RPF-এর বিশেষ দল AC First Class-এর H1 কামরায় তল্লাশি শুরু করে।
তল্লাশির সময় দুটি বড় ট্রলিব্যাগ নিয়ে নামার প্রস্তুতি নিচ্ছিলেন এক তরুণী। সন্দেহ হওয়ায় তাঁকে আটক করে ব্যাগ দুটির বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। পরে ব্যাগ খুলতেই চাঞ্চল্যকর ছবি সামনে আসে। পোশাক বা অন্যান্য সামগ্রীর পরিবর্তে ব্যাগের ভিতর থরে থরে সাজানো ছিল বিভিন্ন ব্র্যান্ডের মদের বোতল। দুটি ব্যাগ থেকে মোট ৭৫ লিটার মদ উদ্ধার হয়।
জিজ্ঞাসাবাদে ওই তরুণী নিজের নাম নেহা কুমারী বলে জানান। তিনি সমস্তিপুরের সিঙ্ঘিয়া ঘাট এলাকার বাসিন্দা বলে পুলিশ জানতে পেরেছে। তদন্তে উঠে আসে, তাঁর সঙ্গে একই কামরায় ভ্রমণ করছিলেন হরিয়ানার বাসিন্দা ঈশান কুমার। পুলিশের দাবি, দিল্লি থেকে মদ নিয়ে এসে সমস্তিপুরে তা সরবরাহের পরিকল্পনা ছিল দু’জনের।
দু’জনকেই গ্রেফতার করে তদন্ত শুরু করেছে RPF। এই পাচারচক্রের সঙ্গে আরও কেউ জড়িত কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।







