ক্রাইম

বন্ধুর সঙ্গে বেড়াতে গিয়ে মহিলাকে ধর্ষণের অভিযোগ, বাঁকুড়ায় গ্রেফতার ২

বাঁকুড়ায় বন্ধুর সঙ্গে বেড়াতে গিয়ে এক মহিলাকে ধর্ষণ, মারধর ও জোর করে টাকা আদায়ের অভিযোগ উঠেছে একদল যুবকের বিরুদ্ধে। ঘটনায় তদন্তে নেমে দু’জনকে গ্রেফতার করেছে বাঁকুড়া সদর থানার পুলিশ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, কয়েক দিন আগে বিকেলে এক বন্ধুর সঙ্গে বাঁকুড়া শহর লাগোয়া হরিয়ালগাড়া এলাকায় গিয়েছিলেন ওই মহিলা। অভিযোগ, সেখানেই কয়েকজন যুবকের হাতে তিনি নিগৃহীত হন। ঘটনার পর বাঁকুড়া সদর থানায় অভিযোগ দায়ের করেন মহিলা। তাঁর অভিযোগের ভিত্তিতে শ্লীলতাহানি, ধর্ষণ, মারধর এবং জোর করে টাকা আদায়ের মতো একাধিক অভিযোগে মামলা শুরু হয়।

তদন্তে নেমে পুলিশ দুই যুবককে গ্রেফতার করে। শনিবার তাঁদের বাঁকুড়া জেলা আদালতে পেশ করা হয়। পুলিশের দাবি, ঘটনার সঙ্গে আরও কেউ যুক্ত রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। ধৃতদের জিজ্ঞাসাবাদ করে অন্য অভিযুক্তদের সন্ধান চালানো হবে বলেও জানিয়েছে পুলিশ।

এদিকে আদালতে ধৃতদের জামিনের আবেদন করেন তাঁদের আইনজীবী। তবে সেই আবেদন খারিজ করে দেয় আদালত।

অভিযুক্তদের আইনজীবী অভিষেক বিশ্বাস জানিয়েছেন, ধৃতদের বিরুদ্ধে মারধর, তোলাবাজি, ধর্ষণ-সহ একাধিক ধারায় মামলা হয়েছে। তাঁর বক্তব্য, বিষয়টি বর্তমানে আদালতের বিচারাধীন।

ঘটনার পর এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযোগের সত্যতা এবং ঘটনার সম্পূর্ণ পরিস্থিতি খতিয়ে দেখতে তদন্ত চালাচ্ছে পুলিশ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.