জেলা

চা বাগানে হঠাৎ হানা বাইসনের, জখম দুই শ্রমিক

রবিবার বিকেলে জলপাইগুড়ির ডুয়ার্সের মাটিয়ালী ব্লকের চিলোনি চা বাগানে হঠাৎ ঢুকে পড়ে একটি পূর্ণবয়স্ক বাইসন। লোকালয়ে ঢুকে বাইসনটির তাণ্ডবে জখম হন দুইজন শ্রমিক – বিলাসী লোহা (৫৫) ও সুরেশ রাউতিয়া (৩৪)। ঘটনার জেরে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।

প্রত্যক্ষদর্শীদের মতে, বাইসনটি প্রথমে বাগানের হাসপাতাল লাইন এলাকায় ঢুকে পড়ে এবং এদিক-ওদিক ছুটোছুটি করতে থাকে। আতঙ্কের পরিবেশে স্থানীয়রা আহতদের উদ্ধার করে মাল সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যান। পরে গুরুতর আহত বিলাসী লোহাকে উত্তরবঙ্গ মেডিকেল কলেজে রেফার করা হয়, যদিও সুরেশ রাউতিয়াকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে।

ঘটনার খবর পেয়ে খুনিয়া স্কোয়াডের বনকর্মীরা ও মেটেলি থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। বাইসনটি বাগানের ৩২ নম্বর সেকশনের একটি ঝোঁপে আশ্রয় নেয়। এদিকে, বাইসনটি দেখতে বহু মানুষ ভিড় জমাতে শুরু করে। ছুটির দিন হওয়ায় সেই ভিড় আরও বাড়ে, যার ফলে পুলিশ ও বনদপ্তরের কর্মীদের হিমশিম খেতে হয় ভিড় নিয়ন্ত্রণে।

অবশেষে সন্ধ্যার দিকে ঘুমপাড়ানি গুলি ব্যবহার করে বাইসনটিকে কাবু করে বনদপ্তর। প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা করে তাকে নিরাপদে জঙ্গলে ছেড়ে দেওয়ার ব্যবস্থা করা হয়। বনদপ্তর সূত্রে জানা গেছে, এটি একটি পূর্ণবয়স্ক পুরুষ বাইসন।
এই ঘটনায় চা বাগান এলাকার মানুষজনের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.