আজ ‘ডু অর ডাই’ মুহূর্তে নামতে চলেছে কলকাতা নাইট রাইডার্স। পরপর দুই ম্যাচে হার—এবার তৃতীয়টিকে আর হারতে দিতে রাজি নন কোচ অভিষেক নায়ার। দলের ড্রেসিংরুমে তাঁর বার্তা একটাই—“হ্যাটট্রিক রোকনা হোগা!”
কারণ, পয়েন্ট টেবিলে নয় নম্বরে নেমে যাওয়া কেকেআরের সামনে দাঁড়িয়ে রয়েছে তিন নম্বর পাঞ্জাব কিংস, যারা এখন দারুণ ছন্দে।
গত মরশুমে দায়িত্ব নেওয়ার পর থেকেই পাঞ্জাবকে নতুন চেহারা দিয়েছেন রিকি পন্টিং। উন্নত স্ট্র্যাটেজি, পেশাদার মানসিকতা আর অজি প্রতিভা কুপার কনোলির বিস্ফোরক পারফরম্যান্স—সব মিলিয়ে দারুণ গতিতে এগোচ্ছে তারা। তবে, স্লো ওভার রেট হয়ে উঠেছে দলের সবচেয়ে বড় মাথাব্যথা। টানা দুই ম্যাচে জরিমানা গুনতে হয়েছে অধিনায়ক শ্রেয়সকে, মোট প্রায় ৪০ লক্ষ টাকা। পরের ম্যাচেও একই ঘটনা ঘটলে এক ম্যাচের নিষেধাজ্ঞার মুখে পড়বেন তিনি।
পাঞ্জাবের ব্যাটিং লাইন-আপ এখন ঝকঝকে। ওপেনার প্রিয়াংশ আর্য ও প্রভসিমরন সিং চার ওভারেই চেন্নাইয়ের বিরুদ্ধে তুলেছিলেন প্রায় ৬০ রান। ফর্মে শ্রেয়সও—মাত্র ২৬ বলে অর্ধশতরান। বোলিং বিভাগে চাহাল ও অর্শদীপ সিং নিয়মিত উন্নতি করে চলেছেন।
নাইট সমর্থকদের আজও আক্ষেপ—২০২৪ সালে কেকেআরকে চ্যাম্পিয়ন করেও কেন ছেড়ে দিতে হয়েছিল শ্রেয়সকে! কেনই বা আলাদা পথে চলে গেলেন মিচেল স্টার্ক?
অন্যদিকে, কেকেআর শিবিরে একের পর এক ধাক্কা। অধিনায়ক অজিঙ্কা রাহানের ছন্দহীনতা, রিঙ্কু সিংয়ের ব্যাটে রান নেই, নারিন-বরুণের সাদামাটা বোলিং—দলের আত্মবিশ্বাসে টান পড়েছে। একমাত্র আশার আলো ব্লেসিং মুজারাবানি, যিনি গত ম্যাচে পেয়েছেন চার উইকেট। ফর্মে নেই বৈভব অরোরা বা কার্তিক ত্যাগীও। ফলে বোলিংয়ে কাল মুজারাবানির উপরেই ভরসা রাখতে হবে নায়ারের দলকে।
টানা তিন ম্যাচে হার—এই দুঃস্বপ্ন কেকেআরকে কোন মূল্যেই ছুঁতে দিতে চাইছে না দল। কারণ এতে শুধু পয়েন্টের হিসেব নয়, ট্রফির পথই অনেক দূরে সরে যাবে নাইটদের সামনে থেকে।
ঘরের মাঠে তাই আগামীকাল প্রত্যাশা একটাই—ঘুরে দাঁড়াক কলকাতা।







