কলকাতা: সাতসকালে কলকাতার মা ফ্লাইওভারে ভয়াবহ পথ দুর্ঘটনা। শনিবার সকালে ফ্লাইওভারের উপর দুটি গাড়ির মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত হয়েছেন অন্তত চারজন। আহতদের মধ্যে এক শিশুও রয়েছে বলে জানা গিয়েছে। দুর্ঘটনার জেরে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে দুটি গাড়ি।
পুলিশ সূত্রে খবর, একটি গাড়ি পার্ক সার্কাস সেভেন পয়েন্টের দিক থেকে বাইপাসের দিকে যাচ্ছিল। অভিযোগ, গাড়িটির গতি অত্যন্ত বেশি থাকায় নিয়ন্ত্রণ হারিয়ে সেটি ডিভাইডার টপকে উল্টো দিকের লেনে চলে আসে। সেই সময় বাইপাসের দিক থেকে পার্ক সার্কাসের দিকে আসা অন্য একটি গাড়ির সঙ্গে সেটির মুখোমুখি সংঘর্ষ হয়।
সংঘর্ষের তীব্রতা এতটাই বেশি ছিল যে একটি গাড়ির চাকা খুলে বেরিয়ে যায়। অন্য গাড়িটির ডানদিকের অংশ কার্যত দুমড়ে-মুচড়ে যায়। দুর্ঘটনার অভিঘাতে গাড়ির ভিতরের দুটি এয়ারব্যাগও খুলে যায়।
আহতদের মধ্যে চালক ও যাত্রীরা রয়েছেন। তাঁদের দ্রুত উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। দুটি গাড়ি উদ্ধার করে থানায় নিয়ে যাওয়া হয়েছে।
ঠিক কী কারণে এই দুর্ঘটনা, তা জানতে এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে পুলিশ। অতিরিক্ত গতিই দুর্ঘটনার কারণ কি না, তা তদন্তের পর স্পষ্ট হবে।







