মাইক্রোসফটের পরিষেবা বিপর্যয়ের রেশ কাটতে না কাটতেই এবার বড়সড় প্রযুক্তিগত সমস্যার মুখে অ্যাপল। সংস্থার একাধিক গুরুত্বপূর্ণ পরিষেবা আচমকাই অচল হয়ে পড়ায় সমস্যায় পড়েছেন ব্যবহারকারীরা। তালিকায় রয়েছে iCloud, App Store, Apple Music, Apple Pay এবং Apple Care-এর মতো পরিষেবা।
গতকাল রাত থেকেই এই বিভ্রাট শুরু হয় বলে জানা গিয়েছে। এর জেরে অনেক ব্যবহারকারী অ্যাপল অ্যাকাউন্টে লগ ইন, অ্যাপ ডাউনলোড এবং ডিজিটাল পেমেন্ট করতে গিয়ে সমস্যায় পড়েন। সোশাল মিডিয়ায় একাধিক ব্যবহারকারীর অভিযোগ, তাঁদের অ্যাকাউন্ট থেকে আপনা থেকেই লগ আউট হয়ে যাচ্ছে। এমনকী বিভিন্ন দোকান ও সার্ভিস সেন্টারের কাজেও প্রভাব পড়েছে।
অ্যাপলের তরফে জানানো হয়েছে, অভ্যন্তরীণ একটি সিস্টেম আপডেটের কারণে এই প্রযুক্তিগত বিভ্রাট ঘটেছে। তবে নির্দিষ্ট ত্রুটির কারণ স্পষ্ট করা হয়নি। পাশাপাশি কোনও সাইবার হামলার ঘটনা ঘটেনি বলেও নিশ্চিত করেছে সংস্থা।
উল্লেখযোগ্যভাবে, একই সময়ে গুগলের কিছু ব্যবহারকারীও লগ ইন সমস্যার কথা জানিয়েছেন। একের পর এক প্রযুক্তি সংস্থার পরিষেবা বিপর্যয়ে স্বাভাবিকভাবেই বাড়ছে গ্রাহকদের ভোগান্তি।







