নিজস্ব সংবাদদাতা : প্রতি বৃহস্পতিবার এই একটি খেলায় মশগুল সিরিয়ালপাড়া। এই খেলায় কেউ হারে আবার কেউ বাজিমাৎ করে। কয়েক দিন আগে পরিচালক সুশান্ত দাস বলছিলেন সময়ের সঙ্গে তাল মিলিয়ে গল্প না বলতে পারলে তাকে সরে যেতে হবে। কারণ এই একঘেয়েমি গল্প ইদানীং আর পছন্দ করছেন না দর্শক। দর্শক এখন নতুন কিছু দেখতে চাইছে।আর তাই এখন জগদ্ধাত্রীর এতগুলো রূপ প্রকাশ্যে আসার পর দর্শকের আগ্রহ বেড়েছে বেশ অনেকটাই।টানা এক বছর পেরিয়েও সেই আগ্রহে যে বিন্দুমাত্র ভাটা পড়েনি, তার প্রমাণ আবারও মিলল।
অগস্ট মাসের শেষ সপ্তাহের টিআরপি হাজির।টিআরপি লড়াই বেশ জমে উঠেছে জগদ্ধাত্রী ও অনুরাগের ছোঁয়ার মধ্যে। শুরু থেকেই এই রেসে সামিল হয়েছে ফুলকি।আর এই সপ্তাহে প্রথম স্থানে ‘জগদ্ধাত্রী’। এর আগে একটানা কয়েক মাস ধরে ১ম নম্বরে ছিল ‘অনুরাগের ছোঁয়া’। তবে গত দু-তিন সপ্তাহে কখনও তারা এগিয়েছে, কখনও আবার পিছিয়েছে।
এ সপ্তাহে জগদ্ধাত্রী ৮.১ পেয়ে ১লা নম্বরে উঠে এসেছে। সূর্য এবং দীপার প্রাপ্ত নম্বর ৮.০। মাত্র অল্প নম্বরের জন্য দ্বিতীয় স্থানে নেমে এসেছে ‘অনুরাগের ছোঁয়া’। তবে সবদিক থেকে দেখতে হলে প্রতিটি সিরিয়ালের মধ্যে ফারাক মাত্র কিছু নম্বরের। এই সপ্তাহেও খুব বেশি অদলবদল হয়নি। বরং বাকি সব সিরিয়ালের নম্বর আগের সপ্তাহের থেকে অনেকটাই বেড়েছে। ফুলকিকে টক্কর দেওয়া বেশ কঠিনই হয়েছে। ৭.৯ পেয়ে তৃতীয় স্থানে রয়েছে ‘ফুলকি।’ ‘রাঙা বউ’এর পাখি আর কুশের পরিশ্রমের গল্পই দর্শকের বেশ মনে ধরেছে। এই সপ্তাহে অনেকটাই নম্বর বেড়েছে ‘রাঙা বউ’ সিরিয়ালের। তারা পেয়েছে ৭.৫। পঞ্চমে রয়েছে ‘নিমফুলের মধু’। তাদের এ সপ্তাহের নম্বর ৭.৪।
সেরা দশের তালিকাতেও এ সপ্তাহে খুব বেশি চমক নেই। ফুলকি-র বিপরীতে থেকেও ৭.৩ রেটিং নিয়ে ষষ্ঠস্থানে রয়েছে সন্ধ্যাতারা।সমালোচনার কেন্দ্রবিন্দুতে থাকা ‘কার কাছে কই মনের কথা’ এবারও স্লট লিডার। তবে চিন্তা বাড়াচ্ছে রাত ৯টার স্লট। দুই প্রতিদ্বন্দ্বী চ্যানেলই এই স্লটে তেমন চমক দেখাতে ব্যর্থ। এক্কা দোক্কা (৪.৭) , খেলনা বাড়ি (৫.৭) সেরা দশে জায়গা দখল করতে পারেনি। শেষ সপ্তাহে পঞ্চমীর প্রাপ্ত নম্বর ৫.০।







